পাঁচ মহারথীর সুপারহেভি
নামটা এর চেয়ে জুতসই বুঝি হতেই পারত না। সুপারহেভি—নাম শুনেই ব্যান্ড দলটার ‘ওজন’ আন্দাজ করে নেওয়া যায়। স্লামডগ মিলিয়নিয়ার দিয়ে হলিউড কাঁপিয়ে দেওয়া এ আর রহমান আছেন। আছেন রোলিং স্টোনসের লিড ভোকালিস্ট মিক জ্যাগার। বব মার্লের ছেলে, তিনটি গ্র্যামি জিতে খ্যাতিমান বাবার সুযোগ্য সন্তান হিসেবে নিজেকে প্রমাণ করে দেওয়া ড্যামিয়েন মার্লে। আছেন ইউরিদমিকসের সহপ্রতিষ্ঠাতা ডেভ স্টুয়ার্ট, ইংলিশ সোল-সিঙ্গার জস স্টোন।বিশ্বসংগীত ভুবনের পাঁচ মহাতারকা। পাঁচ সুপারস্টারকে নিয়ে গড়া নতুন ব্যান্ড দলের নামই সুপারহেভি। সুপারহেভি নামেই তাঁদের প্রথম অ্যালবাম আসছে আগামী ২০ সেপ্টেম্বর। ১০ দিনের মধ্যে ২৯টি গান নাকি বানিয়ে ফেলেছেন তাঁরা। এর থেকে বাছাই করা ১৬ থেকে ১৮টি গান থাকবে অ্যালবামটিতে।এ উপলক্ষে লস অ্যাঞ্জেলেসের একটি স্টুডিওতে সম্প্রতি আয়োজন করা হয়েছিল সংবাদ সম্মেলনের। সেখানেই রহমান জানিয়েছেন, তাঁদের এই যাত্রা আসলে অনানুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল ২০০৯ সালেই, ‘১৮ মাস আগে ডেভ, মিক, ড্যামিয়েন, জস আর আমি মিলে লস অ্যাঞ্জেলেসের স্টুডিওতে কিছু পরীক্ষা-নিরীক্ষা করছিলাম। আমরা এমন কিছু গান বানাতে চাইছিলাম, যেগুলো অর্থবহ। এরপর আমরা আরও কয়েকবার একসঙ্গে বসেছি। যে গানগুলো লেখা হয়েছিল, সেগুলো আরও ঘষামাজা করা হয়েছে।’অ্যালবামের গানে ভিন্ন ভিন্ন ধারার পাঁচজন সংগীতশিল্পী কাজ করেছেন বলে পুরো অ্যালবামে আক্ষরিক অর্থেই একটা বৈশ্বিক সুর থাকবে। জ্যাজ-র্যাগের ছোঁয়া দেবেন মার্লে, রক সুর দেবেন জ্যাগার। স্টোন গাইবেন হূদয় ছুঁয়ে যাওয়া সুরে। পপ-রক-ফোকের অদ্ভুত মিশেল নিয়ে হাজির হবেন স্টুয়ার্ট। আর এই পাঁচ নদীর মোহনা এসে মিলবে রহমানের বিপুল বৈচিত্র্যকে এক সুরে গাথার ঈশ্বরপ্রদত্ত ক্ষমতায়।রেহমান সেটাই বলছিলেন, ‘মিক আর ডেভের অবিশ্বাস্য মিউজিক, জসের সোল-সিংগিং, ড্যামিয়েনের জ্যামাইকান ধারা আর দর্শনের সঙ্গে আমি বিশ্ববৈচিত্র্য যোগ করতে চেয়েছি। এতে করে এই অ্যালবাম হয়ে উঠেছে পুরো বিশ্বের সুরের সংকলন।’গানগুলো রেকর্ডও করা হয়েছে বিশ্বের নানা প্রান্তে—দক্ষিণ ফ্রান্সে, গ্রিস, তুরস্ক, ভারত, ক্যারিবিয়ান, মিয়ামি আর হলিউডে। আক্ষরিক অর্থেই যেন একটা বৈশ্বিক ছবি থাকছে অ্যালবামটায়।এতে বিশ্বসংগীতে নতুন একটা ধারাও তৈরি বলে আত্মবিশ্বাসী স্টোন, ‘আমরা অদ্ভুত পাগলপারা এই সংগীত বানিয়েছি, যেটা পৃথিবীর আর কারও সঙ্গে মেলে না। এটা একেবারেই স্বতন্ত্র।’ তিনি বলছিলেন, কীভাবে যুক্ত হলেন এ প্রকল্পের সঙ্গে, ‘একদিন ডেভের কাছ থেকে ফোন পেলাম। আমাকে ও বলল, “হেই জস, আমরা এ রকম একটা ব্যান্ড গড়তে যাচ্ছি, তুমিও আসবে নাকি? বেশ মজা হবে কিন্তু।”’এর আগেও তাঁরা বিচ্ছিন্নভাবে কাজ করছিলেন। কিন্তু এভাবে গাঁটছড়া বেঁধে নামা হয়নি। জ্যাগার যেমন বলেছেন, ‘আমি আসলে এভাবে কাজ করে অভ্যস্তই ছিলাম না। সাধারণত আমি নিজেই সবকিছু করে অভ্যস্ত। তবে চারজন ভিন্ন ভিন্ন ভোকালিস্টের সঙ্গে কাজ করাটা আমার কাছে কৌতূহলজনক মনে হলো।’এখনই বিশ্ব সফরের কোনো পরিকল্পনা সুপারহেভির নেই, তবে সেই সম্ভাবনা তারা বাতিলও করে দেয়নি। সবার আগে নিজেদের অভিষেক অ্যালবামটি কেমন সাড়া ফেলে, তা দেখার অপেক্ষাতেই আছে। দারুণ সাড়া ফেলবে, এটা বলার জন্য অবশ্য জ্যোতিষী হওয়ার প্রয়োজন নেই! রাজীব হাসান