চ্যানেল আইতে আজ দুপুরে প্রচারিত হবে টেলিছবি বন্ধু হারানো আকাশ। লিখেছেন ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। অভিনয় করছেন কুসুম শিকদার। কথা হলো তাঁর সঙ্গে।আপনাকে বেশ কিছুদিন কোনো টিভি চ্যানেলে দেখা যায়নি।হ্যাঁ, পাঁচ মাস পর টিভির জন্য কাজ করেছি। কেন?সম্প্রতি আমার অভিনীত লাল টিপ ছবিটি মুক্তি পেয়েছে। যেদিন প্রেক্ষাগৃহে ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে, সেদিন থেকে আমি প্রেক্ষাগৃহ আর টিভিতে একসঙ্গে থাকতে চাইনি। কারণ, অনেক বড় কিছু একটা পাওয়ার জন্য অপেক্ষা করেছি। ছবিটি মুক্তি পাওয়ার পর সবার কাছ থেকে অনেক ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। শিখেছি, জেনেছি। প্রথমে ‘গহীনে শব্দ’, এবার ‘লাল টিপ’—এরপর কোন ছবি?গহীনে শব্দ এবং লাল টিপ—দুটি ছবি একেবারেই দুই রকম। একটির সঙ্গে আরেকটির কোনো মিল নেই। আশা করছি, তৃতীয়টি হবে আরও আলাদা। নতুনটির ব্যাপারে আলাপ হচ্ছে, আমিও দেখছি। এবার ‘বন্ধু হারানো আকাশ’ নিয়ে কিছু বলুন।সহপাঠীদের সঙ্গে বাজি ধরে দুজন একে অপরের সঙ্গে প্রেমের অভিনয় করে। একসময় তারা বুঝতে পারে, অভিনয়ের প্রেম সত্য হয়ে ধরা দিয়েছে তাদের কাছে। কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ায় দুজনের পরিবার। এখানে আমার সঙ্গে অভিনয় করেছেন শাহ্ রিয়াজ। তিনি কলকাতার আত্মবিশ্বাস ও রূপের প্রকাশ ছবিতে অভিনয় করেছেন।অনেক দিন পর অভিনয় করেছেন। কেমন লেগেছে?ভয়াবহ গরমের মধ্যে আউটডোরে আমরা বন্ধু হারানো আকাশ টেলিছবিতে কাজ করেছি। এখানে একটি দৃশ্যে আমাকে চিৎকার করে কাঁদতে হয়েছিল। এর পর কণ্ঠ বসে যায়, অতিরিক্ত গরমে জ্বর এসে যায়। একেবারে পুরো সাত দিনের ধাক্কা গেছে।