পাঁচ মাস পর গতকাল রোববার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে দর্শক দেখল শুন্যন রেপার্টরি থিয়েটারের প্রযোজনা লালজমিন।
মোমেনা চৌধুরীর একক অভিনয়সমৃদ্ধ এই নাটকটি লিখেছেন নাট্যকার মান্নান হীরা, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। পোশাক পরিকল্পনা করেছেন ওয়াহিদা মল্লিক। সংগীত পরিকল্পনা করেছেন জুলফিকার চঞ্চল ও রামিজ রাজু। গানে কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, রামিজ রাজু, নীলা সাহা।
নাটকের কাহিনিটা আর একবার মনে করা যাক। মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর এক নারীর সংগ্রামী জীবনের নাট্য প্রকাশ লালজমিন। তেরো পেরিয়ে চৌদ্দ বছর ছুঁই ছুঁই এক কিশোরী কন্যার গল্প এটি। চৌদ্দ বছর ছুঁই ছুঁই কিশোরীর দুই চোখ জুড়ে মানিক বিলের লাল পদ্মের জন্য প্রেম। সে তার কৈশোরেই শোনে বাবা-মায়ের মধ্যরাতের গুঞ্জন। শুধু দুটি শব্দ কিশোরীর মিস্তষ্কে আর মনে জেগে থাকে, মুক্তি-স্বাধীনতা। বাবা যুদ্ধে চলে যায় অগোচরে। কিশোরী নানা কৌশলে যুদ্ধে যাওয়ার আয়োজন করে। বয়স তাকে অনুমোদন দেয় না। এরপর যুক্ত হয়েছে বিগত ৪২ বছরে বাংলাদেশের যুদ্ধোত্তর সেই ঘাতক দালালদের বৃত্তান্ত ও একজন মুক্তিযোদ্ধা নারীর উপলব্ধি, যা দর্শকদের বর্তমানের মুখোমুখি দাঁড় করিয়ে প্রশ্নবাণে জর্জরিত করে।
বরাবরের মতো এবারও মোমেনা চৌধুরীর অভিনয় দর্শক-শ্রোতার মন ছুঁয়ে যায়।
২০১১ সালের ১৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে লালজমিন-এর প্রথম মঞ্চায়ন হয়।