পাঁচ লাখের বেশি দর্শক দেখল 'অদম্য মেয়েরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের মেয়েদের নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র অদম্য মেয়েরা অনলাইনে দেখা হয়েছে ৫ লাখ ১০ হাজারের বেশি বার৷ ৬ থেকে ১৬ নভেম্বর বেলা তিনটা পর্যন্ত প্রথম আলোর ফেসবুক পেজে (www.facebook.com/DailyProthomAlo) এই ভিডিওটি দেখা হয়েছে ৪ লাখ ৭০ হাজার ৭৮০ বার৷ প্রথম আলো ডট কমে ৩৮ হাজার ৪৩০ ও প্রথম আলোর ইউটিউব চ্যানেলে ১ হাজার ৫৮০ বার দেখা হয়েছে ভিডিওটি৷
এটি কলসিন্দুর গ্রামের ১৯ অদম্য মেয়ে ফুটবলারের আশা জাগানিয়া অসাধারণ এক গল্প৷ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপের চ্যাম্পিয়ন তারা। এই গ্রাম থেকেই ১০ জন বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দলের হয়ে নেপালে অনুষ্ঠিত এএফসি কাপ খেলেছে। প্রথম আলোর শনিবারের বিশেষ প্রতিবেদনে তাদের কৃতিত্ব তুলে ধরা হয়।
প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই মেয়ে ফুটবলারদের বিশেষভাবে সম্মান জানানোর সিদ্ধান্ত হয়। প্রথম আলোর পক্ষ থেকে নির্মাণ করা হয় অদম্য মেয়েরা নামে একটি প্রামাণ্যচিত্র। আনিসুল হকের পরিকল্পনায় প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন পরিচালক রেদওয়ান রনি। ফেসবুকে ১২ হাজারের বেশি মানুষ শেয়ার করছেন প্রামাণ্যচিত্রটি৷ ফেসবুকে প্রামাণ্যচিত্রটি দেখে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাদের বাড়িতে বিদ্যুতের সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপরই ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর পক্ষ থেকে কলসিন্দুর গ্রামে বিদ্যুতের সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়৷ তথ্যচিত্রটি দেখা যাবে (http://goo. gl/JNkjlG) এই ওয়েব ঠিকানায়৷

অদম্য মেয়েরা প্রামাণ্যচিত্রের দৃশ্য
অদম্য মেয়েরা প্রামাণ্যচিত্রের দৃশ্য