আনন্দ-এর কাছে অভিনেতা আফজাল হোসেন বলেছেন তাঁর পছন্দের পাঁচটি ভালোবাসার নাটকের কথা। শুনে লিখেছেন মেহেদী মাসুদচেহারারচনা: আনিস চৌধুরীপ্রযোজনা: আতিকুল হক চৌধুরীঅভিনয়: আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফাবিটিভিতে নাটকটি প্রচারিত হয়েছিল ১৯৭৬ সালে। আমি মফস্বলের ছেলে। পড়াশোনা করার জন্য শহরে এসেছি। এখানে এক ধনী আত্মীয়ের বাড়িতে এসে আশ্রয় নিই। এ বাড়ির মেয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক গড়ে ওঠে। খুব সাদামাটা গল্প। কিন্তু এই গল্পের একটা জায়গার সঙ্গে আমার চমৎকার মিল রয়েছে। আমিও মফস্বল থেকে পড়াশোনার জন্য ঢাকায় আসি। আর এ কারণে চরিত্রটির সঙ্গে সহজেই মিশে যেতে পেরেছিলাম। অভিনয়ও হয়েছিল সে রকম। ওই সময় নাটকটি বেশ প্রশংসিত হয়েছিল।রক্তের আঙ্গুরলতারচনা: সেলিম আল দীনপ্রযোজনা: মোস্তাফিজুর রহমানঅভিনয়: আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, রিনি রেজা সেলিম আল দীন যে সব সময় ভাবনায়-চিন্তায় একটু আলাদা ছিলেন, এই নাটকটি সেদিক থেকে অন্যতম। পুরোপুরি প্রেমের গল্প। বিটিভিতে নাটকটি প্রচারিত হয়েছিল ১৯৮০ সালে। ওই সময় এটি টিভি নাটকে নতুন ধারা তৈরি করেছিল; আমরা সাধারণত যেভাবে ভাবি না, মানে অন্য রকম ভাবনা। অনেকের কাছে প্রিয় হয়েছিল নাটকটি। আর আমারও টার্নিং পয়েন্ট ছিল। কারণ, আমাকে যে ধরনের চরিত্রে দর্শক দেখেছেন, তা থেকে একেবারেই আলাদা ছিল এটি। স্বাধীনতা-উত্তর সময়ে এক অস্থির তরুণের গল্প, যে অসম্ভব জেদি ও রাগী। আসলে ওই সময়টা যে রকম ছিল, সেটাই সেলিম আল দীন তুলে ধরেছিলেন এই নাটকে। পারলে না রুমকিরচনা: আফজাল হোসেনপ্রযোজনা: মোস্তাফিজুর রহমানঅভিনয়: আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফানানা কারণে পারলে না রুমকিকে বিটিভির নাটকের ক্ষেত্রে একটি মাইলফলক বলা হয়। বিটিভির নাটকে ওই সময় আমরা এর মধ্য দিয়ে অনেক কিছু ভেঙেছিলাম। যেমন, নাটকে সুবর্ণা ও আমি একে অন্যকে ‘তুই’ বলে সম্বোধন করেছিলাম। আমরা একে অপরকে ভালোবাসি। আমাদের বিয়ে হয়। বিয়ের পর সম্পর্কটা একেবারেই পাল্টে যায়। বিয়ের আগে ও পরের সম্পর্কের মধ্যে একটা পার্থক্য তৈরি হয়। এটা আমরা কেউই চাইনি। একসময় আমরা বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিই। নাটকের শেষ ৩০ সেকেন্ড আগেও কেউ ভাবতে পারেনি, আসলেই কী ঘটতে যাচ্ছে। আরও মজার ব্যাপার হলো, এই ব্যাপারটা কিন্তু চিত্রনাট্যেও লেখা ছিল না। শুটিংয়ের সময় আমরা নিজেরা সংলাপগুলো চূড়ান্ত করে নিয়েছিলাম। ওই সময় এ ধরনের ঘটনা মোটেও স্বাভাবিক ছিল না। শেষ পর্যন্ত আমাদের সম্পর্কটা ভাঙেনি।কূল নাই কিনার নাইনাট্যরূপ: মমতাজউদ্দীন আহমদপ্রযোজনা: মোস্তফা কামাল সৈয়দঅভিনয়: আসাদুজ্জামান নূর, আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফাএখন যেমন নাটকে স্টুডিওর ব্যবহার দেখাই যায় না, পুরো নাটকের কাজই হয় বাইরে; আশির দশকে কিন্তু এমনটা ভাবা যেত না। প্রায় পুরো নাটকের কাজই হতো বিটিভির স্টুডিওতে। বাইরে যাওয়া মানে ছিল অনেক ঝক্কিঝামেলার ব্যাপার। কিন্তু এই নাটকের গল্পটাই চিরায়ত গ্রামবাংলার চেহারা নিয়ে। অবশ্যই প্রেমের গল্প। গল্পের কারণেই নাটকটির অসংখ্য বহির্দৃশ্য ছিল। আর এ ধরনের নাটকে দর্শক তখন তেমন অভ্যস্থ ছিলেন না। যেহেতু একটু ভিন্ন ধরনের অভিজ্ঞতা, তাই কাজটা করেও আমরা সবাই খুব আনন্দ পেয়েছিলাম। ওই সময় তা এতটাই আলাদা হয়েছিল যে, জাপান টিভি এই নাটকটির ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। সাবটাইটেল করে জাপান টিভিতে অনেকবার নাটকটি প্রচারিত হয়েছিল।ওহ্ দেবদূতরচনা: সেলিম আল দীনপ্রযোজনা: মোস্তাফিজুর রহমানঅভিনয়: আসাদুজ্জামান নূর, আফজাল হোসেন, মিতা চৌধুরীজীবনসংগ্রামে ব্যর্থ একজন মানুষ এক রাতে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। সেই রাতে তার সামনে আবির্ভূত হয় একজন দেবদূত। দেবদূত তাকে প্রশ্ন করে, ‘তুমি কেন আত্মহত্যা করবে? তোমার কী প্রয়োজন? যা চাও বলো, সেগুলো আমি দিচ্ছি। কিন্তু তা কাউকে বলার প্রয়োজন নেই।’ অলৌকিক ক্ষমতা খাটিয়ে দেবদূত ওই মানুষটির সব ব্যর্থতা পূরণ করে দেয়। তার সব ইচ্ছা ও স্বপ্ন পূরণ হয়। লোকটি সফল ব্যক্তিত্বে পরিণত হয়। কিন্তু একসময় ওই দেবদূত নিজেই পৃথিবীর নানা জটিলতায় জড়িয়ে পড়ে। যার এত ক্ষমতা, সেই দেবদূত একসময় নিজেই ব্যর্থ হয়ে পৃথিবী থেকে চলে যায়। আশির দশকের শেষ দিকে বিটিভিতে প্রচারিত হয়েছিল নাটকটি। ওই সময়ের তুলনায় একেবারেই অন্য রকম গল্প ছিল এটি।