পাঁচফোড়ন-এর প্রথম ঝলক

বাংলাদেশের নির্মাতা ও শিল্পীদের নিয়ে বেশ আগে থেকেই কাজ শুরু করেছিল স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই। মানি হানি, ঢাকা মেট্রো এই প্ল্যাটফর্মের জনপ্রিয় কিছু ওয়েব প্রযোজনা। এ ছাড়া এই প্লাটফর্মের ওয়েব প্রযোজনা ‘পাঁচফোড়ন’–এ ভারতীয়দের পাশাপাশি দেখা গেছে বাংলাদেশি নির্মাতাদের কাজ। এবার ভালোবাসা দিবস উপলক্ষে আসছে ‘পাঁচফোড়ন’–এর নতুন মৌসুম। আর এবারও এতে থাকছে দুই বাংলাদেশি নির্মাতার কাজ। তাঁরা হলেন নুরুল আলম আতিক ও গিয়াসউদ্দিন সেলিম। সম্প্রতি আমরা পেয়েছি এই ওয়েব প্রযোজনা দুটির কিছু নতুন ছবি।

নুরুল আলম আতিক পরিচালিত প্রযোজনাটির নাম ডোনার। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, ইয়াশ রোহান, অর্চিতা স্পর্শিয়া ও ফজলুর রহমান বাবু। অন্যদিকে গিয়াসউদ্দিন সেলিমের প্রযোজনাটির নাম থ্রি কিসেস। এর শিল্পীরা হলেন আহমেদ হাসান সানি, মিশৌরি রশীদ, সুদীপ বিশ্বাস দীপ, জিনাম শানু স্বাগতা, মনির খান শিমুল ও ফারহানা মিঠু। এরই মধ্যে শেষ হয়েছে শুটিং। ১৪ ফেব্রুয়ারি এটি মুক্তি পাবে হইচইয়ে।
পাঁচফোড়ন–এ এবার ভারত অংশ থেকে আরও যে তিনটি প্রযোজনা থাকছে, সেগুলো হলো—প্রায় কাফকা (পরিচালক: চন্দ্রনীল ভট্টাচার্য; অভিনয়: অমৃতা চট্টপাধ্যায়, আর জে অনিন্দ্য ও ঐন্দ্রিলা শর্মা), দ্য এনড (পরিচালক: অর্ক গাঙ্গুলি; অভিনয়: সোহিনী সরকার ও সৌরভ চক্রবর্তী) এবং আফটারনুন অডিশন (পরিচালক: সুদীপ্ত রায়, অভিনয়: স্বস্তিকা মুখার্জি, হৃতিকা পাল, অনিন্দ্য পুলক ও বিশ্বজিৎ ঘোষ।)