পাঁচে মিলে করি গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফথ হারমোনি ব্যান্ড দলের সদস্যরা
ফিফথ হারমোনি ব্যান্ড দলের সদস্যরা

পাঁচ কন্যা মিলে ‘ফিফথ হারমোনি’ হয়ে উঠেছিলেন ২০১২ সালের ২৭ জুলাই। কদিন আগেই ছিল তাঁদের তৃতীয় জন্মদিন। তিন বছর বয়সী ‘শিশু’ গানের দলটি সম্ভবত এখন তাদের ক্যারিয়ারের সেরা সময় পার করছে। ভেবে দেখুন, সাফল্য কতটা আকস্মিক হলে একটা গানের দল নিজেরাই নিজেদের খ্যাতি নিয়ে বিস্মিত হতে পারে! ‘ওর্থ ইট’ গানটি সেই অবাক করা খ্যাতিই এনে দিয়েছে ফিফথ হারমোনিকে। কৃতিত্ব অবশ্য কিছুটা যুক্তরাষ্ট্রের র্যা পার কিড ইংককেও দেওয়া যায়। তাঁর সংগীতায়োজনে করা ‘ওর্থ ইট’ গানটি বিলবোর্ড টপচার্টের দ্বাদশ স্থানে তুলে এনেছে ফাইভ এইচকে (ফিফথ হারমোনির ডাকনাম)। এই প্রথম বিলবোর্ড টপচার্টে সেরা পনেরোতে উঠে এল কোনো মেয়েদের গানের দল।
অ্যালি ব্রুক হার্নান্দেজ, ক্যামিলা ক্যাবেলা, নরমানি কর্ডেই, দিনাহ জেইন হ্যানসেন ও লরেন হাউরেগি—পাঁচ গায়িকার দেখা হয়েছিল যুক্তরাষ্ট্রের টিভি রিয়েলিটি শো ‘দ্য এক্স ফ্যাক্টর’-এর দ্বিতীয় সিজনে। একক প্রতিযোগিতায় পাঁচজনের কেউই বিচারকদের মুগ্ধ করতে পারেননি। কিন্তু দলীয় প্রতিযোগিতায় ঠিকই নজর কেড়েছেন। ‘এক্স ফ্যাক্টর’-এর মঞ্চে শেষ পর্যন্ত চূড়ান্ত সাফল্যের দেখা না পেলেও এই টিভি রিয়েলিটি শো থেকে যে গানের দলগুলো তৈরি হয়েছে, তাদের মধ্যে ‘ফিফথ হারমোনি’ই সবচেয়ে সফল। মজার ব্যাপার হলো, ‘ফিফথ হারমোনি’ নামটা ঠিক করে দিয়েছে তাদের ভক্তরা। শুরুতে এই মেয়েদের দলের নাম ছিল লাইলাস, এরপর নাম হলো ১৪৩২ (আই লাভ ইউ টু)। তবু কোনো নামই যেন পছন্দ হচ্ছিল না। শেষে নামকরণের দায়িত্বটা ভক্তদের ওপরই দেয় তারা। অনলাইনে শ্রোতাদের দেওয়া নাম থেকে যাচাই-বাছাইয়ের পর সবশেষে টিকে গেছে ফিফথ হারমোনি।
এ বছরের ফেব্রুয়ারিতে বেরিয়েছে তাদের প্রথম অ্যালবাম রিফ্লেকশন। মেধার প্রতিচ্ছবি পাওয়া গেছে বলেই ভক্তরা গ্রহণ করেছেন ফাইভ এইচকে। হোটেল ট্রানসিলভেনিয়া টু ছবিতে তাঁদের গাওয়া ‘আই অ্যাম ইন আ লাভ উইথ মনস্টার’ও তাই তুমুল আলোচিত। দানবের সঙ্গে ভালোবাসা হোক বা না হোক, পাঁচ কন্যার গানের সঙ্গে ভালোবাসাটা ছোটবেলা থেকেই।
নিজেদের গান নিয়ে ফিফথ হারমোনির মন্তব্য, ‘আমরা চাই আমাদের গানগুলো হোক মজার। আনন্দ আর অনুপ্রেরণার কথাই আমরা কণ্ঠে তুলে ধরতে চাই। গানই আমাদের লাইফস্টাইলের প্রতিচ্ছবি। আমরা তরুণ। তাই তরুণদের কাছেই ফাইভ এইচের গানের গ্রহণযোগ্যতা বেশি।’
বিলবোর্ড অবলম্বনে