পাঁচের বিপরীতে এক
এই সংখ্যাতত্ত্বটি কোনো নাটকের নাম বা অন্য কিছু নয়। পরিচালক মোহন খান ঈদ উপলক্ষে একটি নাটক তৈরি করছেন। নাটকের নাম পাত্র চাই না। এখানে নায়ক একজন, নায়িকা পাঁচজন। নায়ক সজল আর নায়িকা বিন্দু, মীম, সারিকা, নাদিয়া ও বাঁধন।এরই মধ্যে নাটকটির শুটিং প্রায় শেষ করেছেন পরিচালক। তিনি বললেন, ‘অনেক দিন ধরেই এ ধরনের একটি ভিন্নধর্মী গল্প নিয়ে নাটক তৈরির ইচ্ছা ছিল। এ নাটকে একজন নায়কের সঙ্গে একজন করে নায়িকার প্রেম হয়, তারপর আবার সেই প্রেমের সমাপ্তি ঘটে। তবে শেষ একজনের সঙ্গে নায়কের মিলন হবে। এ জন্য অতিথি হিসেবে আরও একজন নায়িকা নেওয়া হতে পারে।’একসঙ্গে এতজন শিল্পীর সমন্বয় কীভাবে করবেন মোহন খান?পরিচালক বললেন, ‘এখানেই তো আসল মজাটা। প্রত্যেক নায়িকার সঙ্গেই একটি করে পূর্ণাঙ্গ গল্প থাকবে সজলের। কিন্তু প্রতিটি গল্পই একই সূত্রে গাঁথা হবে।’পাত্র চাই না নাটকের বর্তমানে সম্পাদনার কাজ চলছে। এ সপ্তাহেই আর সামান্য অংশের শুটিং করা হবে এবং পরে নাটকটি জমা দেওয়া হবে। পরিচালক জানিয়েছেন, ঈদের দিন নাটকটি বাংলাভিশনে প্রচারিত হবে।