পাংশায় শেষ হলো দুই দিনের সাধুসঙ্গ
পুণ্যসেবা ও বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শুক্রবার পাংশার চর রামনগরে আয়োজিত দুই দিনব্যাপী লালন উৎসব ও সাধুসঙ্গ ভাঙল।আয়োজক সূত্রে জানা গেছে, দেশ-বিদেশের অন্তত দুই হাজার খেলাফতধারী বাউল, এক হাজারের মতো ভেকধারী, পাঁচ শর মতো বাউলশিল্পী এবং কয়েক হাজার ভক্তের সমাগমে এবার লালন উৎসব ও সাধুসঙ্গ মহামিলনমেলায় পরিণত হয়। দেশের গণ্ডি ছাড়িয়ে এবার ভারত, আমেরিকা, ফ্রান্স, সুইডেন, ইংল্যান্ড, কানাডা, স্পেন, ইতালি থেকেও বাউলসাধুরা সমবেত হন। বৃহস্পতিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত আমেরিকার বাউল কিথ ফকির, ভারতের নক্ষত্র দাশ বাউল, টুনটুন শাহ, এনাম শাহ, বাউল শফি মণ্ডল, সুনীল সরকার, আইনাল বাউল, বজলু শাহ বাউল প্রমুখ লালনশিল্পী ও বাউল সংগীত পরিবেশন করেন। গতকাল শুক্রবার ভোর ছয়টা থেকে গোষ্ঠগানের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে গুরুকর্ম, বাল্যসেবা, লালনসংগীত ও পুণ্যসেবার মধ্য দিয়ে বেলা তিনটার দুই দিনের এই আয়োজন শেষ হয়।গত ৪ ও ৫ এপ্রিল একই স্থানে সাধুসঙ্গের আয়োজন করা হয়। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ওই আসর থেকে ২৮ জন বাউলসাধুকে স্থানীয় জামে মসজিদের সামনে নিয়ে তওবা পড়িয়ে তাঁদের প্রত্যেকের চুল ও গোঁফ কেটে দেন। ঘটনাটি প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে সারা দেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।সাধুসঙ্গের অন্যতম আয়োজক লালনশিল্পী আনুশেহ আনাদিল বলেন, ‘ঝড়-বৃষ্টি উপেক্ষা করে দেশি-বিদেশি হাজারো ভক্তের সমাগমে এ মিলনমেলা প্রমাণ করে, এটিই ধর্মনিরপেক্ষ বাংলাদেশ।’