পাংশায় সাধুসঙ্গ শুরু
লোকসাধক লালন সাঁইজির হাজার হাজার ভক্তের সমাগমে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর রামনগর গ্রামে শুরু হয়েছে দুই দিনব্যাপী লালন উৎসব ও সাধুসঙ্গ। এটি তাঁদের ২১তম বার্ষিক আয়োজন। গ্রামের প্রবীণ সাধু মোহাম্মদ আলী ফকিরের বাড়ির প্রাঙ্গণ লালন ভক্তধামে এই সাধুসঙ্গ অনুষ্ঠিত হচ্ছে।গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই প্রত্যন্ত অঞ্চলের এই গ্রামে সাধু-সন্ত, বাউলশিল্পী, শিল্প-সাহিত্যে দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব ও লালন অনুরাগী সর্বস্তরের মানুষের আগমন ঘটতে থাকে। বৃষ্টিও হয়েছিল সকাল থেকে। কর্দমাক্ত দীর্ঘ পথ পাড়ি দিয়ে এত মানুষ সাধুসঙ্গে এসেছেন যে বিকেলে পুরো গ্রাম ছিল লোকে লোকারণ্য। এদের মধ্যে ছিলেন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, দর্শনা, ঝিনাইদহ, রাজশাহী, পাবনা, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা অন্তত দুই হাজার খেলাফতধারী সাধু ও বাউল। বাউলদের ওপর বর্বরোচিত হামলার কারণে তাঁদের চোখেমুখে ছিল প্রতিবাদের ছাপ। শান্তির বাণী নিয়ে সন্ধ্যায় লালন সাঁইজির জীবনলীলা স্মরণ করে গুরুকর্মের মাধ্যমে সাধুসঙ্গের শুরু করেন দরবেশ নহির শাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন কবি ফরহাদ মজহার, সাইমন জাকারিয়া, ফকির সামসুল শাহ, বুড়ি ফকির, ফকির রানী, রব ফকির, শফি মণ্ডল, রাজ্জাক বাউল, পাগলা বাবলু ও টুনটুন বাউল। সাধুসঙ্গর নিরাপত্তার জন্য স্থানীয় ও জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।৪ ও ৫ এপ্রিল সাধুসঙ্গ চলাকালে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ২৮ জন বাউল সাধুকে ধরে নিয়ে স্থানীয় মসজিদে তওবা পড়ান এবং চুল ও গোঁফ কেটে দেন। এ ঘটনার ২৩ দিন পর একই স্থানে আবার সাধুসঙ্গের আয়োজন করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছিল কৌতূহল। সাধুদের সমাগমও হয়েছে বেশি। সাধুসঙ্গের আয়োজক বাউল সাধক মোহাম্মদ ফকির সেদিনের ঘটনা স্মরণ করে ভক্তদের উদ্দেশে আবেগঘন বক্তব্যে বলেন, ‘বাড়ি, গাড়ি, টাকা-পয়সা কোনো কিছুই চাই না আমি। আমি চাই শুধু কেয়ামত পর্যন্ত লালনভক্ত ধামে সাধুসঙ্গ ও সাধুর চরণধূলি।’ তিনি জনগণের আশান্তি দূর করে সাধুসঙ্গ উপভোগ করার আহ্বান জানান আসা মানুষদের উদ্দেশে। সাধুসঙ্গের অন্যতম আয়োজক লালনশিল্পী আনুশেহ আনাদিল বলেন, ‘ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আজ হাজার হাজার মানুষের উপস্থিতিই প্রমাণ করে দেয়, এটিই ধর্মনিরপেক্ষ বাংলাদেশ।’আজ শুক্রবার বিকেলে পুণ্যসেবা ও বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠান।