পাইন ফাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস পাইন
ক্রিস পাইন

রোমে গেলে রোমান হয়ে যেতে হয়। আর যাঁর জন্ম রোমেই? একইভাবে জন্ম যদি তব হলিউডে, অভিনেতা না হয়ে উপায় কী! অবশ্য হলিউডের চৌহদ্দিতে জন্মালেই যে জন্ম থেকেই প্রতিটা শিশু লাইট-ক্যামেরা-অ্যাকশন বলতে শিখবে, তারও কোনো মানে নেই। তবে এটাও ঠিক, জন্মস্থান যদি হয় ক্যালিফোর্নিয়া এবং পিতা-মাতা উভয়ের পেশাই যদি হয় অভিনয়, সেই শিশুরও রুপালি পর্দার জগতে না আসাটাই অস্বাভাবিক।  অভিনেতা হওয়াটা তাই ছিল ক্রিস পাইনের নিয়তি নির্ধারিত। তা ছাড়া পাইনের জন্য ব্যাপারটা তো শুধু এখানেই শেষ নয়। শুধু মা-বাবাই নয়; পাইনের নানিও যে ছিলেন হলিউডের মোটামুটি নামকরা অভিনেত্রী! পাইনের নানাও হলিউডে কাজ করেছেন। সেটা অবশ্য আইনজীবী হিসেবে। হলিউডের আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি। ফলে পাহাড়ে খোদাই করে লেখা এইচ-ও-ডাবল এল-ওয়াই-ডব্লু-ডাবল ও ডি-এর এই জগৎটা অনেকের কাছেই দূরবর্তী স্বপ্নের কোনো জগৎ হলেও, পাইনের কাছে সেটি নেহাতই বাড়ির আঙিনা। বাড়ির আঙিনা বলেই কিনা রুপালি পর্দার এই যশখ্যাতি, এই গ্ল্যামারের চাকচিক্যময় বানোয়াট জগৎটার প্রতি তেমন একটা মোহ তাঁর ছিল না। যেখানে শিশুশিল্পী হিসেবে তাঁর অভিষেক হওয়াটাই ছিল স্বাভাবিক, পাইনের চলচ্চিত্রে অভিষেক ২৪ বছর বয়সে এসে! এর আগে হলিউডি পাড়ায় খুব একটা ঘুরঘুর করেননি। পড়াশোনা ইংরেজি সাহিত্যে, এই তথ্যটাই বলে দেয়, অভিনয়কে ক্যারিয়ার হিসেবে নেওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন না তেমনটা। সেই পাইনকে বলা হচ্ছে হলিউডের আগামীর ভরসা। আগামীর সুপার স্টার। পাইন অভিনীত স্টার ট্রেক ইনটু ডার্কনেস মুক্তি পাচ্ছে আগামীকাল। ষাটের দশক থেকে দর্শকদের মুগ্ধ করে রাখা বৈজ্ঞানিক কল্পকাহিনি সিরিজটির এটি দ্বাদশ ছবি। ২০০৯ সালে মুক্তি পাওয়া স্টার ট্রেক-এর সিকুয়েল। ছবির প্রধান চরিত্র জেমস কার্কের ভূমিকায় অভিনয় করেছেন পাইন। মাত্রই কাজ শেষ করলেন স্পাই থ্রিলার জ্যাক রায়ান-এর। সিআইএ এজেন্টের এই চরিত্রে এর আগে অভিনয় করেছেন অ্যালেক বল্ডউইন, হ্যারিসন ফোর্স, বেন অ্যাফ্লেকের মতো নামজাদারা। বুঝতেই পারছেন, পাইনের সময়টা বেশ ‘ফাইন’ যাচ্ছে।
স্টার ট্রেক ও জ্যাক রায়ান দুটোই ডলারের ভারী বর্ষণের পূর্বাভাস দিচ্ছে বক্স অফিসে। সত্যি সত্যিই তা হলে হলিউডের শীর্ষ অভিনেতাদের কাতারে উঠে আসবেন পাইন, মাত্র চার বছর আগেও খুব একটা লোক যাকে চিনতই না! আমজনতার আর দোষ কি। স্টার ট্রেক-এর পরিচালক জে জে আব্রামস যখন ২০০৯ সালের ছবিটির জন্য ক্যাপটেন কার্ককে খুঁজছিলেন, সেই সময় অডিশনে নাম লেখানো পাইনকে ভেবেছিলেন এলেবেলে গোছের কেউ। পাইনের সিভিতেও যে দ্য প্রিন্সেস ডায়রিজ টু এবং স্মোকিন অ্যাসেস এই দুই ছবির সহ-অভিনেতা ছাড়া বলার মতো তেমন কিছু ছিলও না। আব্রামস পরে এক সাক্ষাৎকারে স্বীকারও করেছিলেন, পাইনের অডিশনের ভিডিও টেপটার কথাও বেমালুম ভুলে গিয়েছিলেন তিনি।  পরিচালক-পত্নী ক্যাটি ম্যাকগ্রা কিন্তু পাইনের মধ্যে আসল ক্যাপটেন কার্কের ছায়া দেখতে পেয়েছিলেন। তিনিই স্বামীকে অনুরোধ করেন আরেকবার এই তরুণের অডিশন নেওয়ার জন্য। এবার পাইন বেশ আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে মেলে ধরলেও খুঁতখুঁতে পরিচালকের মন তবু ভরেনি। সবচেয়ে বড় কথা, অখ্যাত একজনের কাঁধে স্টার ট্রেক-এর মতো বিলিয়ন ডলারের বাণিজ্যের ভরসা তিনি করবেন কি না, ঠিক বুঝে উঠতে পারছিলেন না। ‘অনেক ভাবার পর আমার মনে হলো, যা হওয়ার হবে, ওকেই নিয়ে আসো’—পাইনকে সবুজ সংকেত দিয়ে দিলেন আব্রামস। সেই পাইন এর পর কী করেছেন, সেটা তো ইতিহাসই। শুধু এতটুকু বললেই বোধ হয় যথেষ্ট, ক্যাপটেন কার্কের ভূমিকায় তাঁকে স্বাগত জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন উইলিয়াম শ্যাটনার। ষাটের দশকে যিনি নিজে এই চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন মহাতারকার খ্যাতি। এখনো সেই চিঠি পকেটের ভাঁজে পরম যত্নে রেখে দিয়েছেন পাইন। ৩২ বছর বয়সী এই অভিনেতার জীবনটা যে গত কয়েক বছরে তুমুল পাল্টে গেছে, সে তো বলাই বাহুল্য। স্বপ্নের রাজকন্যা হয়ে তাঁর জীবনে এসেছিলেন মডেল ডমিনিক পিয়েক। সেই স্বপ্ন টুটেও গেছে। কিন্তু এ নিয়ে হা-হুতাশ করার সময় কোথায়। তিনি যে ক্যাপটেন কার্ক। পুরো মহাবিশ্ব বাঁচানোর ভার তাঁর কাঁধে!
 রাজীব হাসান
হলিউড রিপোর্টার অবলম্বনে