পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানে সোনম কাপুর!

হলিউডের ছবি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তুমুল জনপ্রিয়তা পেয়েছে। এ সিরিজের পঞ্চম সিক্যুয়েলে অভিনয়ের জন্য অডিশন দিলেন বলিউডের অভিনেত্রী সোনম কাপুর। ব্যাটে-বলে মিলে গেলে ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ জনি ডেপের সঙ্গে বড় পর্দায় হাজির হবেন অনিল কাপুর তনয়া সোনম।
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৫’ প্রযোজনার দায়িত্বে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টিভি ও চলচ্চিত্র প্রযোজক জেরি ব্রুখেইমার। ছবিটির পরিবেশক সংস্থা ওয়াল্ট ডিজনি পিকচার্স। এ ছবির কাজ শুরু হবে ২০১৫ সালে।
সম্প্রতি জেরি এবং ওয়াল্ট ডিজনির প্রতিনিধিদের সঙ্গে মুম্বাই থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অডিশন দিয়েছেন সোনম। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।
ছবিটির জন্য ভারতীয় মুখ খুঁজছিলেন নির্মাতারা। তাঁরা কিছুদিন আগে ভারতের একটি সেলিব্রেটি ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি অনিল কাপুরকে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে মেয়ে সোনমকে চরিত্রটির জন্য অডিশন দিতে বলেছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ তারকা অভিনেতা।