পাইরেটস অব দ্য ব্লাড সিক্রেট
হলিউডের ব্যবসাসফল ছবি পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান দেখে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশেও নির্মাণ করা হয়েছে একটি চলচ্চিত্র। নোমান রবিন পরিচালিত এই ডিজিটাল চলচ্চিত্রটির নাম হচ্ছে ‘পাইরেটস অব দ্য ব্লাড সিক্রেট’, যার বাংলা নাম ‘জলদস্যু রক্ত রহস্য’। সম্প্রতি কক্সবাজারের মহেশখালীতে ছবিটির শুটিং শেষ করে এসেছেন পরিচালক নোমন রবিন। ডিজিটাল ফরম্যাটে নির্মিত এ ছবিটি এবারের ঈদে আরটিভিতে প্রচারিত হবে।চলচ্চিত্রটি সর্ম্পকে পরিচালক বলেন, ‘ছবিটি কল্পকাহিনিভিত্তিক ও বিনোদনমূলক। তবে এতে সমাজের জন্য শিক্ষামূলক অনেক তথ্য আছে। যেহেতু চলচ্চিত্র একটি কর্মাশিয়াল মাধ্যম। তাই সবকিছুই বিবেচনায় নেওয়া হয়েছে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অন্তু করিম। তিনি বলেন, ‘ টিভি নাটক এবং মডেলিং করলেও এটি আমার প্রথম চলচ্চিত্র। আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। দীর্ঘদিন চুল দাড়ি-গোঁফ কোনো কিছুই কাটা হয়নি। চরিত্রটিকে যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য সব ধরণের প্রস্তুতিই আমাকে নিতে হয়েছে। আসলে সবকিছুই পরিচালকের কারণেই সম্ভব হয়েছে।’ছবিতে আরও অভিনয় করেছেন সাজু খাদেম, সিন্ডি রোলিং, অহনা, রাশেদ মামুন অপু, রাশেদ বিল্পব, মাজহারুল ইসলাম প্রমুখ।