পাইরেসি বন্ধে হাইকোর্টের নির্দেশে সন্তোষ প্রকাশ
অডিও এবং ভিডিও শিল্পকর্মের পাইরেসি (নকল) বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারকে নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। ১৭ আগস্ট দেওয়া রায়ে চলচ্চিত্র ও সংগীতসহ বিভিন্ন শিল্পকর্মের পাইরেটেড অডিও এবং ভিডিও কপি জব্দের নির্দেশের পাশাপাশি দোষীদের গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে। কপিরাইট আইন কার্যকর ও পাইরেসি বন্ধের নির্দেশনা চেয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি গাজী মাজহারুল আনোয়ার ও মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী মে মাসে হাইকোর্টে একটি রিট করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ মে আদালত রুল জারি করেন।উচ্চ আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শিল্পী-প্রযোজক-পরিচালক এবং সংগীত ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। গত শনিবার রাজধানীর একটি হোটেলে মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইবি) এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি যৌথভাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এখানে পাইরেসি বন্ধে সরকারের সহযোগিতা এবং সাধারণ জনগণকে সচেতন করার গুরুত্ব তুলে ধরা হয়। সংগীতশিল্পী ও এমআইবির সভাপতি কুমার বিশ্বজিৎ বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র ও অডিওশিল্পকে বাঁচাতে হলে উচ্চ আদালতের এই রায়কে সামনে রেখে সবাইকে এগিয়ে যেতে হবে।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পাইরেসির বিরুদ্ধে গঠিত টাস্কফোর্সের সদস্য মেজর মাসুম। তিনি পাইরেসির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানান। সংস্কৃতি মন্ত্রণালয়ের কপিরাইট রেজিস্ট্রার মনজুরুর রহমান পাইরেসি বন্ধে সরকারের সহযোগিতা ছাড়াও সংশ্লিষ্ট লোকজনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘কপিরাইট আইন কার্যকর করার জন্য বিশ্বের প্রায় সব দেশেই সমন্বিত ব্যবস্থাপনা কার্যকর রয়েছে। এ পদ্ধতিতে বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে কপিরাইট অফিসে অভিযোগ উত্থাপন করা যাবে। সরকার শুধু সমন্বয়কারীর ভূমিকা পালন করবে।’