পাইরেসিই যত ভয়
এবারের ঈদে পাঁচটি ছবি মুক্তি পাচ্ছে। তবে পাইরেসিকেই যত ভয় প্রযোজকদের। একজন প্রযোজক বললেন, এখন থেকেই রাতে ঘুম আসে না। কী করে ভিডিও-চোরদের কাছ থেকে তিনি তাঁর দুই কোটি টাকার সম্পদ বাঁচাবেন। তিনি বলেন, ‘যদি ছবিটি ঠিকমতো প্রদর্শন না করতে পারি, তবে আর ছবি বানাতে পারব না। কারণ, সব টাকাই বিনিয়োগ করেছি।’অপর একজন প্রযোজক বললেন, ‘এখনো কোনো হুমকি আসেনি, কিন্তু ঈদের পরদিন থেকে ছবি পাইরেসি হবে না—এর নিরাপত্তা কোথায় পাব, সেটাই বুঝতে পারছি না। এর আগে প্রতি ঈদের ছবি পাইরেসি হয়েছে এবং সবাই পথে বসেছেন। এ শঙ্কার কথা মনে হলেই স্থির থাকতে পারি না।’ঈদের ছবি পাইরেসি বন্ধ করতে প্রযোজক পরিবেশক সমিতির নবনির্বাচিত কমিটি কিছু ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানালেন নতুন কমিটির নেতা মনতাজুর রহমান আকবর। তিনি বলেন, ‘আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটি জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। এ ছাড়া কিছু গোপন ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি, কেউ যদি পাইরেসির চেষ্টা করে, তবে সে ধরা পড়বে।’