আসন্ন ঈদ সামনে রেখে একাধিক চলচ্চিত্র মুক্তির প্রস্তুতি নিচ্ছেন প্রযোজকেরা। ঈদে সময় প্রেক্ষাগৃহগুলোকে লোক সমাগম বেশি হয়, তাই প্রযোজকদের মধ্যেও প্রতিযোগিতার মনোভাব কাজ করে। সর্বশেষ খোঁজ নিয়ে জানা গেছে, আসছে ঈদে মোট সাতটি ছবি মুক্তি পাবে। এই ছবিগুলোর কাজও শেষ হয়েছে। এখন শুধু বাকি রয়েছে সেন্সর বোর্ডের অনুমোদন। এ রিপোর্ট প্রকাশের মধ্যেই দু-একটি ছবির ছাড়পত্র পাওয়ারও কথা রয়েছে।সর্বশেষ হিসাব অনুযায়ী, শাকিব অভিনীত এবারও মোট পাঁচটি চলচ্চিত্র মুক্তির কথা রয়েছে। ছবিগুলো হচ্ছে কিং খান, এক টাকার দেনমোহর, জান কুরবান, একবার বলো ভালোবাসি ও আদরের জামাই। শাকিব ছাড়া আমার পৃথিবী তুমি, ছোট সংসার ছবি দুটিও রয়েছে ঈদের তালিকায়। তবে এই ছবি মুক্তির উৎসবেও প্রযোজকেরা রয়েছেন ভিডিও পাইরেসির আতঙ্কে। সর্বশেষ দুই মাস আগে মুক্তিপ্রাপ্ত একটি ছবির প্রযোজক ১২ লাখ টাকা ভিডিও চোরদের দিয়ে নিজের ছবিটিকে পাইরেসির হাত থেকে বাঁচিয়েছেন। সর্বশেষ ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচটি ছবির মধ্যে চারটিই পাইরেসির কবলে পড়েছিল। তাই এবার প্রযোজকেরা ছবি মুক্তির পর পাইরেসি কীভাবে বন্ধ করবেন, সে বিষয়ে বেশি চিন্তিত। ঈদে মুক্তি পাবে এমন একটি ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্প্রতি অনেক ধরনের সাফল্য দেখিয়েছেন। কিন্তু তার পরও পাইরেসি থেমে নেই। তাই আমরা চোরদের সঙ্গে আপস করেই ছবি মুক্তি দেব। অন্যথায় ছবি মুক্তি দেওয়াটা বোকামি হবে। কারণ, একবার যদি ছবি পাইরেসি হয়, তাহলে আমাদের আড়াই কোটি টাকার ছবির মূল্য হয়ে যাবে ১০ লাখ টাকার সম্পত্তি।’ভিডিও পাইরেসি বন্ধে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না? এ প্রসঙ্গে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সহসভাপতি এবং ভিডিও পাইরেসি প্রতিরোধ কমিটির আহ্বায়ক খোরশেদ আলম খসরু বললেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টাই করব। প্রশাসন আমাদের সহযোগিতা করছে। র্যাবের সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করেছেন। আশা করছি, ঈদের আগেও সে রকম অভিযোগ অব্যাহত থাকবে।’