পাইলট ও নওশীন উপস্থাপক
ক্রিকেট তারকা খালেদ মাসুদ পাইলট ও অভিনয়শিল্পী নওশীন এবার একসঙ্গে উপস্থাপনা করছেন। সারা দেশ থেকে ‘সেরা চৌকস গৃহিণী’ খুঁজে বের করার জন্য আয়োজন করা হয়েছে ‘আরএফএল হোম মেকার অব দ্য ইয়ার’। জানা গেছে, এই প্রতিযোগিতার উপস্থাপনার দায়িত্ব পেয়েছেন পাইলট ও নওশীন। গতকাল সোমবার শুরু হয়েছে রংপুর অঞ্চলের প্রতিযোগিতা। আজ মঙ্গলবার রংপুর পর্যটন মোটেলে এই প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠান উপস্থাপনা করবেন পাইলট ও নওশীন।পাইলট বলেন, ‘আমি তো এই জগতের মানুষ না। মাঠের মানুষ। ক্রিকেট আমার প্রিয় বিষয়। চ্যানেল টোয়েন্টিফোর থেকে যখন প্রস্তাব পেলাম, তখন ভাবনাটা পছন্দ হলো। ভাবছি, এবার ব্যতিক্রম কিছু হবে। দর্শকেরাও টিভিতে দেখে আনন্দ পাবেন।’পাইলট জানান, এর আগে চ্যানেল আইয়ে তিনি ও নওশীন ক্রিকেট কোচিংয়ের ওপর একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন। নওশীন বলেন, ‘ভাবনাটা একেবারেই নতুন। গতানুগতিক কোনো উপস্থাপনা আমরা করব না। এই প্রতিযোগিতায় কোনো বিচারক থাকছেন না। নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে সেরা চৌকস গৃহিণী নির্বাচিত হবেন। গৃহিণীদের সঙ্গে থাকব আমরা দুজন। পুরো ব্যাপারটি আমার কাছে খুবই চ্যালেঞ্জিং বলে মনে হয়েছে।’ এই প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠানগুলো আগামী জুন মাস থেকে প্রচারিত হবে চ্যানেল টোয়েন্টিফোরে।