
তাঁদের চেনেন আপনি। আপনি তারকাদের সম্পর্কে জানেনও, কিন্তু ঠিক কতটা জানেন? আপনার প্রিয় তারকা সম্পর্কে জেনে নিন কিছু অজানা তথ্য
নামের মধ্যেও থাকে অনেক বৈচিত্র্য। সংগীতশিল্পী হূদয় খানের আসল নাম মাকসুদুল ইসলাম হলেও স্কুলজীবনের বন্ধুদের অনেকেই তাঁকে চেনেন ‘ম্যাক্স’ নামে।
জনপ্রিয় এ শিল্পীর বাবা স্বনামধন্য সংগীত পরিচালক রিপন খান।
মাত্র ছয় থেকে সাত বছর বয়সেই হূদয় খানের সংগীতের সঙ্গে জড়িয়ে পড়া। পরিবারে দাদা ও বাবার সংগীতপ্রীতি প্রভাব ফেলেছে এতে। তবে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বাসার দারুণ সাংস্কৃতিক পরিবেশ। ছোটবেলায় তিনি খেলনা হিসেবে ব্যবহার করেছেন গিটার, হারমোনিয়াম, তবলাসহ বাসার সব বাদ্যযন্ত্রকে।
হূদয় খান যদি একজন সফল সংগীতশিল্পী না হতেন, তাহলে তাঁকে হয়তো দেখা যেত কোনো বোয়িং ৭০৭-এর একজন সুদক্ষ পাইলট হিসেবে।
সংগীতের সঙ্গে জড়িয়ে পড়ার পর হূদয় খানের জীবনের লক্ষ্যে আমূল পরিবর্তন আসে। পাইলট নয়, এবার তিনি হতে চান একজন বড় মাপের সংগীত পরিচালক।
এ শিল্পীর প্রথম রিলিজ হওয়া অ্যালবামে তাঁর নিজের কোনো গানই থাকার কথা ছিল না। নিজের কাছের কিছু মানুষের গাওয়া গান দিয়েই তিনি প্রথম অ্যালবামটি করতে চেয়েছিলেন; থাকতে চেয়েছিলেন অ্যালবামের পেছনে শুধু একজন সংগীত পরিচালক হয়ে।
গ্রন্থনা: আবদুল ওয়াজেদ