পাওয়ার ভয়েজের বিচারক ফারুকী ও তিশা
চ্যানেল নাইনের সংগীতবিষয়ক রিয়েলিটি শো পাওয়ার ভয়েজের অতিথি বিচারক হয়েছেন জনপ্রিয় চলচ্চিত্রনির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী তিশা। ২১ জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে একটি স্টুডিওতে বিচারক হিসেবে শুটিংয়ে অংশ নেন তাঁরা। ২৫ জানুয়ারি শুক্রবার প্রচারিতব্য পাওয়ার ভয়েজ অনুষ্ঠানে অতিথি হিসেবে টিভি পর্দায় দেখা যাবে মোস্তফা সরয়ার ফারুকী ও তিশাকে। এ প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী প্রথম আলো ডটকমকে বলেন, ‘তিশা আর আমি অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছি। প্রতিযোগীদের গান শুনেছি। গান শুনে তাঁদের বেশ প্রতিভাবান মনে হয়েছে। পাশাপাশি আমার নতুন ছবি “টেলিভিশন” নিয়েও কথা বলেছি। আসলে, পুরো অনুষ্ঠানে আমরা অনেক মজা করেছি।’মোস্তফা সরয়ার ফারুকী ও তিশার শুটিংয়ের সময় নিয়মিত বিচারক সুবীর নন্দী ছাড়া অন্য বিচারকেরা সেদিন উপস্থিত ছিলেন। সুবীর নন্দী এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। পাওয়ার ভয়েজের এখন তৃতীয় রাউন্ডের অনুষ্ঠান চলছে। সারা দেশ থেকে বাছাই করা প্রতিযোগীদের মধ্য থেকে ৪৪ জনকে নিয়ে শুরু হয়েছে এই রাউন্ড। পাওয়ার ভয়েজ অনুষ্ঠানের নিয়মিত বিচারক হিসেবে আছেন রুনা লায়লা, সুবীর নন্দী, বাপ্পা মজুমদার ও ইমন সাহা। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন আঁখি আলমগীর, আর পরিচালনা করছেন তানভীর খান।