পাওয়ার ভয়েসের গ্র্যান্ড ফিনালে ২২ জুন

রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েস ২০১২’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ২২ জুন শনিবার। আগামীকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।
বিভিন্ন রাউন্ড শেষে বর্তমানে পাওয়ার ভয়েসের শীর্ষ ছয় প্রতিযোগী হিসেবে রয়েছেন সজল, বেলী, রাজু, কর্নিয়া, ইভা ও শামীম। গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে শীর্ষ ১১ জন প্রতিযোগী তাঁদের গান পরিবেশন করবেন। ২২ জুন রাত সাতটা ৩০ মিনিট থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। চ্যানেলটির বরাতে জানা গেছে, তানভীর খানের পরিচালনায় গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করবেন সংগীতশিল্পী আঁখি আলমগীর।
‘লুকিয়ে নয় এবার গাও চুটিয়ে’ স্লোগান সামনে রেখে সংগীত প্রতিভা অন্বেষণমূলক রিয়েলিটি শো পাওয়ার ভয়েসের আয়োজন করেছে চ্যানেল নাইন ও প্রাণ আরএফএল গ্রুপের পাওয়ার এনার্জি ড্রিংকস। তানভীর খানের পরিচালনায় চ্যানেল নাইনে প্রচারিত অনুষ্ঠানটির সবগুলো পর্ব উপস্থাপনা করেছেন আঁখি আলমগীর। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন রুনা লায়লা, বাপ্পা মজুমদার ও ইমন সাহা।
পাওয়ার ভয়েস ২০১২-এর রেডিও পার্টনার রেডিও টুডে এবং অন্যান্য পার্টনার ভাসাবি, ডায়মন্ড ওয়ার্ল্ড, ওটু, স্টুডিও আরাশ, এসএসএল ওয়ারলেস ও পারসোনা ।