
মেটাল-সম্পর্কিত ম্যাগাজিন মেটাল হ্যামার বিশ্ববিখ্যাত এবং বহুল জনপ্রিয়। মেটাল হ্যামার জার্মানির ‘অ্যালবাম অব দ্য মান্থ’ হিসেবে জুলাই মাসের জন্য নির্বাচিত হয়েছে পাওয়ারউল্ফ-এর সদ্য প্রকাশিত অ্যালবাম প্রিচারস অব দ্য নাইট। তাদের এই অ্যালবাম গত জুলাই মাসের ১৮ তারিখ ছাড়া হয়েছিল এবং ইতিমধ্যেই শ্রোতাদের কাছে ভালো সাড়া পেয়েছে। আজ ‘আনন্দ’-এর পাঠকদের সামনে পাওয়ারউলফের নাটকীয় যাত্রার কথা তুলে ধরা হচ্ছে।সম্প্রতি যেসব মেটাল গানের দল শ্রোতাদের কাছে খুব কম সময়ে যেতে পেরেছে, তার মধ্যে পাওয়ারউল্ফ অন্যতম। তাদের যাত্রা শুরু হয়েছে মাত্র এক দশক আগে, ২০০৩ সালে। জার্মানিতে চার্লস গ্রেউলফ ও ম্যাথিউ গ্রেউলফ ভ্রাতৃদ্বয় এই গানের দলের প্রতিষ্ঠাতা সদস্য। এই দুই ভাই অনেক বছর ধরে একসঙ্গে গিটার বাজানোর পরই সিদ্ধান্ত নিয়েছিলেন গানের দল গঠন করার। তাঁরা তাঁদের সঙ্গে ড্রামার হিসেবে যুক্ত করেন ফ্রেঞ্চ নাগরিক স্টেফেইন ফ্যুনেব্রে ও কি-বোর্ডিস্ট হিসেবে আরেক জার্মান ফাল্ক মারিয়া ম্লেগেলকে। তখন তাঁরা তাঁদের পছন্দমতো কাউকে ভোকাল হিসেবে পাচ্ছিলেন না। এর কিছুদিন পর তাঁরা দুই ভাই মিলে ছুটি কাটাতে রোমানিয়া যান। সেখানে তাঁদের সঙ্গে পরিচয় হয় অ্যান্ডিলা ডর্ন-এর। তিনি একজন সংগীতশিল্পী, যিনি মিউজিক একাডেমি অব বুখারেস্ট থেকে ক্ল্যাসিক্যাল অপেরার ওপর শিক্ষা গ্রহণ করেন। গ্রেউলফ ভ্রাতৃদ্বয় তাঁকে তাঁদের দলের ভোকাল হওয়ার প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেন। দলের নাম রাখা হলো ‘পাওয়ারউল্ফ’। এর পেছনের কারণ, তাঁদের পাওয়ার মেটাল-এর প্রতি ভালো লাগা ও নেকড়েমানবের কল্পকাহিনির প্রতি ভালোবাসা। আর প্রতিষ্ঠাতা ভ্রাতৃদ্বয়ের নামের শেষেও আছে উল্ফ। তবে দলের ভোকাল অ্যান্ডিলা ডর্নের রোমানিয়ার নেকড়েমানবের কল্পকাহিনির ওপর অসীম প্রেম ছিল। এর ফলে তাঁরা নেকড়েমানব লোকগাথা নিয়েই সৃষ্টি করেন তাঁদের প্রথম অ্যালবাম। অ্যালবামটির নাম ছিল রিটার্ন ইন ব্লাডরেড। তাঁদের দ্বিতীয় অ্যালবামটি ছিল প্রথম অ্যালবামের পরবর্তী অংশস্বরূপ। লুপুস ডেই শীর্ষক অ্যালবামটির মূল চরিত্র এক নেকড়েমানব, যে তার রক্তপিপাসা ত্যাগ করে আলোর পথ খোঁজে। এভাবে দেখতে দেখতে পাওয়ারউল্ফ পাঁচটি স্টুডিও অ্যালবাম, একটি টুর ইপিও, একটি লাইভ অ্যালবাম প্রকাশ করে।
পাওয়ারউল্ফ তাদের গানের কথায় নেকড়েমানব ও প্রেতাত্মাদের কল্পকাহিনি, লোকগাথা, অন্ধকারাচ্ছন্ন ধর্মীয় গাথা তুলে ধরে। তাদের গানের সুরও খুবই ভারী এবং অন্ধকার ধরনের। পাওয়ারউলফের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত তারা কনসার্ট ও মিউজিক ভিডিওতে নিজেদের বেশ ভয়ালভাবে প্রদর্শন করে থাকে। প্রসাধনী ব্যবহার করে তারা বেশ ভয়ানক রূপ নেয়। কল্পনার নেকড়েমানব যাদের গানের প্রধান চরিত্র, তাদের নাটকীয় উপস্থাপনা একটু ভয়ানক হবে—এটাই স্বাভাবিক।
যাঁদের কাছে পাওয়ারউল্ফ নামটি নতুন, তাঁরা অবশ্যই তাঁদের গান সংগ্রহ করে শুনবেন।
পাওয়ারউলফের যত অ্যালবাম
l রিটার্ন টু ব্লাডরেড (২০০৫)
l লুপুস ডেই (২০০৭)
l বাইবেল অব দ্য বিস্ট (২০০৯)
l ব্লাড অব দ্য সেইন্টস (২০১১)
l উলফনাইটে ২০১২-ট্যুর ইপি (২০১২)
l এলাইভ ইন দ্য নাইট-লাইভ অ্যালবাম (২০১২)
l প্রিচারস অব দ্য নাইট (২০১৩)
পাওয়ারউলফের সদস্যরা
l অ্যান্ডিলা ডর্ন—ভোকালস (২০১৩-বর্তমান)
l ফাল্ক মারিয়া—কি-বোর্ডস (২০১৩-বর্তমান)
l রোয়েল ভ্যান হেল্ডেন—ড্রামস (২০১২-বর্তমান)
l ম্যাথিউ গ্রেউলফ—গিটারস (২০০৩-বর্তমান)
l চার্লস গ্রেউলফ—বেজ, গিটারস (২০১৩-বর্তমান)