পাওলি দামের ফ্লাইট বিড়ম্বনা
কথা ছিল আজ শনিবার বেলা ১১টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকা থেকে কলকাতায় ফিরবেন পাওলি দাম। কিন্তু বিমানের ফ্লাইট দেরি হওয়ার কারণে সকালে যাওয়া হচ্ছে না বলে জানিয়েছেন পাওলি। এ জন্য তাঁকে অপেক্ষা করতে হবে বিকেল পর্যন্ত। এ নিয়ে পাওলি দাম বেশ মর্মাহত।তৃতীয়বারের মতো ঢাকায় এলেন পাওলি দাম। এবারের ঢাকা সফরের অভিজ্ঞতা সম্পর্কে প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘এবারের সফরের অভিজ্ঞতা একেবারেই অন্য রকম। এর আগে যে দুবার এসেছিলাম, সে দুইবারের চেয়ে এবারকার সফর একেবারেই আলাদা। অনেকেই আমার সম্পর্কে নতুন করে অনেককিছু জানতে চেয়েছেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বলিউডে মুক্তি পাওয়া হেট স্টোরি ছবিটি নিয়ে সবাই বেশ আগ্রহ দেখিয়েছেন, যা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে।’পাওলি জানান, ঢাকা থেকে সরাসরি তিনি কলকাতায় যাবেন। এক দিন পরই তিনি ব্যাংককে বেড়াতে যাবেন। ‘হেট স্টোরি’ ছবিটি মুক্তির পর বলিউডের বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের ব্যাপারে কথা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।কলকাতা ও মুম্বাইয়ের চলচ্চিত্রের সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে আলোচিত অভিনেত্রী পাওলি দাম ভারতের মুম্বাই থেকে গতকাল শুক্রবার সকালে ঢাকায় আসেন। বনানীর হোটেল সারিনায় থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি ছিলেন হোটেল সোনারগাঁওয়ে। এরপর সন্ধ্যায় গুলশানের রিচমন্ড কনকর্ড টাওয়ারে আল হাসান ডায়মন্ড গ্যালারির উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর পুরো গ্যালারি ঘুরে দেখেন।পাওলি দাম প্রথমবার বাংলাদেশে এসেছিলেন গৌতম ঘোষের ‘মনের মানুষ’ ছবির কাজ করতে। তারপর এসেছিলেন ‘গ্যালারি অ্যাপেক্স লাইফ ইজ বিউটিফুল’ শীর্ষক একটি ফ্যাশন শোতে অংশ নিতে। সেখানে তিনি ভারতের অগ্নিমিত্রা পালের নকশা করা পোশাক পরে র্যাম্পে হেঁটেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও লকেট চ্যাটার্জি। ফ্যাশন শো থেকে প্রাপ্ত অর্থ প্রথম আলো ট্রাস্টের অধীনে এসিডদগ্ধ নারীদের জন্য সহায়তা তহবিলে প্রদান করা হয়।উল্লেখ্য, ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘মনের মানুষ’ ছবিটির মাধ্যমে এ দেশের মানুষের নজর কাড়েন পাওলি। পাওলি দামের প্রথম ছবি ছিল ‘আই লাভ ইউ’। তবে প্রসেনজিতের বিপরীতে ‘অগ্নিপরীক্ষা’ ছবির কারণে আলোচনায় আসেন পাওলি। তাঁর আলোচিত অন্য ছবির মধ্যে আছে ‘কালবেলা’, ‘থানা থেকে আসছি’, ‘বেডরুম’, ‘ইলার চার অধ্যায়’, ‘সব চরিত্র কাল্পনিক’, ‘ছত্রাক’ ও ‘হইচই’।