পাওলির অন্যরূপ
হেট স্টোরি ছবিতে খোলামেলা অভিনয় করে পুরো বলিউডে ঝড় তুলেছিলেন যৌন আবেদনময়ী অভিনেত্রী পাওলি দাম। এ বছরের এপ্রিলে মুক্তি পাওয়া বিবেক অগ্নিহোত্রীর হেট স্টোরি ছবির পোস্টার ও বিভিন্ন দৃশ্যে সাহসী অভিনয়ের জন্য পাওলিকে প্রশংসার পাশাপাশি ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। আলোচিত এই অভিনেত্রী আবারও বলিউডের ছবিতে অভিনয় শুরু করেছেন। পাওলির এবারের ছবির প্রযোজকও বিক্রম ভাট। তবে পরিচালক হিসেবে থাকছেন সোহেল টাটারি। মিড ডে এক খবরে পাওলির নতুন ছবিতে অভিনয়ের ব্যাপারটি নিশ্চিত করেছে।পাওলি জানান, ‘বলিউডে এটি আমার দ্বিতীয় ছবি। আমার প্রথম ছবি হেট স্টোরি’তে আবেদনময়ী নারীর চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। কিন্তু এবারেরটি একেবারেই ভিন্ন। বলতে পারেন একেবারে নতুনরূপে দেখা যাবে আমাকে।’নিজের অভিনীত চরিত্রটি সম্পর্কে পাওলি জানান, ‘একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত নতুন এই ছবিতে আমি একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করব।’জানা গেছে, চলতি মাসের ১২ তারিখ থেকে পাওলির নতুন ছবির শুটিং শুরু হয়েছে। কিন্তু গণপতি উত্সবের কারণে আপাতত ছবিটির শুটিং স্থগিত রাখা হয়েছে। ২১ তারিখ থেকে আবারও শুরু হবে শুটিং।