পাওয়ার ভয়েজের মহাগুরু রুনা লায়লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাওয়ার ভয়েজ ২০১২’ প্রতিযোগিতায় মহাগুরু থাকছেন রুনা লায়লা। সঙ্গে বিচারক হিসেবে থাকছেন সুবীর নন্দী, মৌসুমী ও ইমন সাহা। এই প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠানগুলো উপস্থাপনা করবেন আঁখি আলমগীর। গতকাল সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। তবে যানজটের কারণে এই সংবাদ সম্মেলনে অংশ নিতে পারেননি মৌসুমী। গান নিয়ে এই প্রতিযোগিতা যৌথভাবে আয়োজন করেছে চ্যানেল নাইন ও প্রাণ আরএফএল গ্রুপের কার্বোনেটেড ড্রিংক।সংবাদ সম্মেলনে চ্যানেল নাইনের ইভেন্টস বিভাগের প্রধান তানভীর খান জানান, এই প্রতিযোগিতায় যিনি প্রথম হবেন, পুরস্কার হিসেবে তাঁকে দেওয়া হবে একটি নতুন গাড়ি ও ১০ লাখ টাকা। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হলো যথাক্রমে পাঁচ লাখ টাকা ও তিন লাখ টাকা। এ ছাড়া প্রথম পাঁচজনের জন্য থাকছে ডায়মন্ড ওয়ার্ল্ডের আকর্ষণীয় পুরস্কার এবং জি-সিরিজ থেকে পাঁচটি নতুন অ্যালবাম প্রকাশের সুযোগ। রুনা লায়লা বলেন, ‘আমাদের উদ্দেশ্য একজন পূর্ণাঙ্গ শিল্পী উপহার দেওয়া।’ আগামী ১ আগস্ট থেকে শুরু নিবন্ধনের কাজ। প্রাথমিক বাছাই শুরু হবে ১৮ আগস্ট। আর চ্যানেল নাইনে অনুষ্ঠানের প্রচার শুরু হবে সেপ্টেম্বর মাসে।