পাকস্থলীর সংক্রমণ ও জ্বর নিয়েই কাজ করছেন অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

পেশাদারি কাকে বলে, তা যেন সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। পাকস্থলীর সংক্রমণের পাশাপাশি জ্বর নিয়েই ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের শুটিং করছেন প্রখ্যাত এ তারকা অভিনেতা। তাঁর শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের দুশ্চিন্তা না করারও অনুরোধ জানিয়েছেন ৭১ বছর বয়সী অমিতাভ।
শারীরিক অসুস্থতার কথা জানিয়ে ১৪ অক্টোবর সোমবার রাতে অমিতাভ তাঁর ব্লগে লিখেছিলেন, ‘পাকস্থলীর সংক্রমণের পাশাপাশি জ্বরে ভুগছি। কাজ করার মতো শারীরিক অবস্থা নেই বললেই চলে। এজন্য আজ খুব বেশি কাজ করতে পারিনি। শারীরিক অসুস্থতাকে বিদায় জানানোর জন্য আমাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। যে করেই হোক, দ্রুত সেরে উঠে আগামীকাল কেবিসির সেটে ফিরতে হবে। আমাকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আমি আপনাদের সবার ভালোবাসার সান্নিধ্যেই আছি।’
পরদিন মঙ্গলবার কাজে ফেরার কথা জানিয়ে এক টুইটার বার্তায় অমিতাভ লেখেন, ‘কাজ করছি। শরীরের সঙ্গে রীতিমতো যুদ্ধ করেই কেবিসির শুটিং করতে হচ্ছে। জীবনে কোনো কিছুই সহজে অর্জন করা যায় না। যতদিন জীবন থাকবে, ততদিনই সংগ্রাম চলতে থাকবে।’ এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
নব্বইয়ের দশকে চলচ্চিত্র ক্যারিয়ারে মন্দা দেখা দিলে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছিলেন অমিতাভ। তখন বড় পর্দা ছেড়ে ছোট পর্দায় মনোযোগী হন তিনি। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠান উপস্থাপনা করে তিনি ছোট পর্দায় ব্যাপক জনপ্রিয়তা পান। অথচ শুরুর দিকে কাজটি করতে অনেকেই বাধা দিয়েছিলেন তাঁকে। কিন্তু নিজ সিদ্ধান্তে অটল থেকে অনুষ্ঠানটি উপস্থাপনা করে কেবল অর্থনৈতিক দৈন্যদশাই ঘোচাননি, দর্শকদের মাঝেও তাঁকে নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। ছোট পর্দায় সাফল্যের রেশ ধরে বলিউডে সাফল্যের সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করেন অমিতাভ। ‘মোহাব্বাতে’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘বাগবান’সহ একের পর এক বড় বাজেটের ছবিতে অভিনয়ের সুযোগ আসতে থাকে তাঁর কাছে।
পাঁচ-পাঁচবার ‘কৌন বনেগা ক্রোড়পতি’ রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন অমিতাভ। বর্তমানে অনুষ্ঠানটির সপ্তম মৌসুমের উপস্থাপনা করছেন ‘বিগ বি’। গত সেপ্টেম্বর থেকে সনি টিভিতে অনুষ্ঠানটির প্রচার শুরু হয়েছে।