পাকিস্তানে আমন্ত্রিত হচ্ছেন লতা মুঙ্গেশকর
সংগীত কোনো বাধা মানে না। অনেক সময় তা কূটনৈতিক রেষারেষিকেও হার মানিয়ে দেয়। উপমহাদেশীয় সংগীতের জীবন্ত কিংবদন্তি লতা মুঙ্গেশকরের অজস্র ভক্ত রয়েছে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্র পাকিস্তানে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিও লতা মুঙ্গেশকরের একনিষ্ঠ ভক্ত। তিনি এখন চান, লতা পাকিস্তানে এসে সংগীতপ্রিয় পাকিস্তানিদের ভালোবাসার প্রতিদান দিন। প্রধানমন্ত্রী নিজেই এই ইচ্ছার কথা জানিয়েছেন আরেক জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আদনান সামিকে। প্রধানমন্ত্রী গিলানি সরাসরি আদনান সামিকে দায়িত্ব দিয়েছেন সংগীতের এই রানিকে পাকিস্তানে রাষ্ট্রীয় অতিথি হিসেবে নিয়ে আসার। সবকিছু ঠিক থাকলে লতা মুঙ্গেশকর হয়তো অচিরেই পাকিস্তানের আতিথ্য গ্রহণ করতে যাচ্ছেন।গেল সপ্তাহে একটি ভোজসভার অনুষ্ঠানে আদনান সামিকে প্রধানমন্ত্রী গিলানি প্রশ্ন করেন, লতাজিকে কেন পাকিস্তানে আমন্ত্রণ জানানো হচ্ছে না। তিনি আরও বলেন, ‘লতাজির একজন ভক্ত হিসেবে আমি চাই, আমার প্রধানমন্ত্রিত্বের সময়কালেই তিনি পাকিস্তানে বেড়াতে আসুন। তাঁকে পাকিস্তানে আমন্ত্রণ জানানো আমাদের সবার অবশ্য পালনীয় কর্তব্য।’আদনান সামি লতা মুঙ্গেশকরকে পাকিস্তানে আমন্ত্রণ জানানোর ব্যাপারে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির আগ্রহের ব্যাপারে ভারতের মুম্বাই মিরর পত্রিকাকে জানিয়েছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী গিলানি সাহেব চান, লতাজি পাকিস্তান ভ্রমণ করুন। এ ব্যাপারে তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী লতাজির একজন গুণমুগ্ধ ভক্ত।’আদনান সামি আরও বলেন, ‘লতা মুঙ্গেশকর এই উপমহাদেশের সম্পদ। তিনি কেবল ভারতের নন, এই উপমহাদেশের সবার। পাকিস্তানে এলে তাঁকে মহামূল্য রত্নের মতো আগলে রাখা হবে। তিনি হবেন পাকিস্তানের রাষ্ট্রীয় অতিথি। তাঁর নিরাপত্তা হবে নিশ্ছিদ্র।’লতা মুঙ্গেশকর পাকিস্তান ভ্রমণে এলে তা হবে সন্ত্রাস আর প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পাকিস্তানিদের জন্য বিশেষ অনুপ্রেরণা, এমনটাই মনে করেন আদনান সামি। তিনি আশা প্রকাশ করেন, লতা মুঙ্গেশকর প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির আমন্ত্রণ গ্রহণ করে পাকিস্তানে এসে সবাইকে আনন্দে ভাসাবেন।—দ্য হিন্দুস্তান টাইমস।