পাকিস্তানে মুক্তি পাচ্ছে না ‘জিরো ডার্ক থার্টি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮৫তম অস্কারে সেরা ছবিসহ পাঁচটি বিভাগে মনোনয়ন পেয়েছে ওসামা বিন লাদেনকে নিয়ে ক্যাথরিন বিগলোর চলচ্চিত্র ‘জিরো ডার্ক থার্টি’। কিন্তু পাকিস্তানের দর্শকেরা প্রেক্ষাগৃহে ছবিটি দেখার সুযোগ পাচ্ছে না। দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কাসহ কয়েকটি কারণে ছবিটি আমদানি না করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে পাকিস্তানের চলচ্চিত্র পরিবেশকেরা। এ প্রসঙ্গে পাকিস্তানি চলচ্চিত্র পরিবেশক নাদিম মাঁদভিওয়ালার উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, ওই ছবিতে পাকিস্তানের সেনাবাহিনী ও আইএসআইকে হেয়প্রতিপন্নের চেষ্টা করা হয়েছে। এ ছাড়া ছবির ব্যবসায়িক সাফল্য পাওয়ার সম্ভাবনাও খুব কম। এসব কারণে চলচ্চিত্র পরিবেশকেরা ছবিটি আমদানি না করার সিদ্ধান্তে একমত হয়েছেন। আর, ‘জিরো ডার্ক থার্টি’ পাকিস্তান সেন্সর বোর্ডের ছাড়পত্র পাবে না বলেই মনে করছেন সিনেপ্যাক্স প্রতিষ্ঠানের সাধারণ ব্যবস্থাপক মোহসীন ইয়াসিন। তাঁর মতে, পাকিস্তানি দর্শকদের জন্য এই ছবির বিষয়বস্তু খুবই সংবেদনশীল। কাজেই সেন্সর বোর্ড থেকে এর ছাড়পত্র পেতে বেশ বেগ পোহাতে হবে। এসব দিক বিবেচনায় নিয়ে পাকিস্তানে ছবিটি প্রদর্শনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না পরিবেশকদের পক্ষ থেকে। জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে ধরার জন্য বছরের পর বছর চেষ্টা চালিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্র সরকার। শেষ পর্যন্ত ২০১১ সালের ২ মে মার্কিন সেনাবাহিনীর বিশেষ একটি দল পাকিস্তানের অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে লাদেনকে ধরতে সক্ষম হয়। সেই অভিযানে তিনি নিহত হন। প্রসঙ্গত, লাদেন পাঁচ বছর ধরে পাকিস্তানে অবস্থান করছিলেন। রাজধানী ইসলামাবাদ থেকে মাত্র ১২০ কিলোমিটার দূরে অ্যাবোটাবাদে অবস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমির পাশেই এক ভবনে বসবাস করতেন লাদেন। এর পরও তাঁর অবস্থান শনাক্ত করতে না পারায় সমালোচনার মুখে পড়ে পাকিস্তান সেনাবাহিনী এবং সরকারি গোয়েন্দা সংস্থা আইএসআই। প্রায় এক দশক ধরে লাদেনের অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর নানা তত্পরতা ‘জিরো ডার্ক থার্টি’ ছবিতে তুলে ধরেছেন অস্কারজয়ী মার্কিন চিত্রনির্মাতা ক্যাথলিন বিগলো। লাদেনকে ধরতে মার্কিন সেনাবাহিনীর বিশেষ দলের অভিযানের শ্বাসরুদ্ধকর চিত্র ফুটে উঠেছে এই ছবিতে। মার্ক বোয়েলের কাহিনি ও চিত্রনাট্যে নির্মিত ছবির বিভিন্ন চরিত্রে রয়েছেন জেসিকা চ্যাস্টেইন, জেসন ক্লার্ক প্রমুখ। ‘জিরো ডার্ক থার্টি’ ছবিতে লাদেন চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা রিকি শেখন। গত বছরের ১৯ ডিসেম্বর মুক্তি পেয়েছে ছবিটি।