পাকিস্তানে সালমানের অভিনব প্রতিকৃতির নিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের অভিনেতা সালমান খান অভিনীত ‘এক থা টাইগার’ ছবিটি পাকিস্তানে নিষিদ্ধ হলেও ভারতের প্রতিবেশী এই দেশে সালমানের যে যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে, সম্প্রতি আবারও তার প্রমাণ মিলেছে। পাকিস্তানি চিত্রশিল্পী রশিদ রানার আঁকা সালমানের অভিনব একটি প্রতিকৃতি নিলামে তোলার ব্যবস্থা করা হয়েছে। এক খবরে এ কথা জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’। ধারণা করা হচ্ছে, নিলামে ওই প্রতিকৃতির দাম ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত উঠতে পারে।সালমান খানের জনপ্রিয়তা ভারতের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে গেছে অনেক আগেই। ভারত-পাকিস্তানের চিরবৈরী সম্পর্ক সত্ত্বেও পাকিস্তানে সালমান-ভক্তের সংখ্যা নেহাত কম নয়। বিষয়টি মাথায় রেখে সালমানের অভিনব এক প্রতিকৃতি এঁকেছেন রশিদ রানা। হাজার হাজার সাধারণ পাকিস্তানির স্থিরচিত্র মিলিয়ে সালমানের এ প্রতিকৃতি আঁকা হয়েছে। পাকিস্তানে এর আগে কখনো এ ধরনের নিলামের আয়োজন করা হয়নি। ৩৮ জন পাকিস্তানি শিল্পীর মোট ৭০টি শিল্পকর্ম নিয়ে এই নিলামের আয়োজন করা হয়েছে। নিলামের জন্য চামড়া ও ধাতু দিয়ে ভাস্কর্য বানিয়েছেন শিল্পী নাইজা খান। অন্য শিল্পীদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আলী তালপুর, সাজিয়া সিকান্দার, নুসরা লতিফ, সাদেকিন, আনোয়ার জালাল শেমজা, আহমেদ পারভেজ প্রমুখ। ৭ ও ৮ নভেম্বর অনলাইনে এসব শিল্পকর্ম কিনতে পারবেন আগ্রহীরা।