পাখি হওয়ার সাধ মানুষের চিরকালের। পাখির মতো উড়তে যেমন চেয়েছে, তেমনি পাখির চোখে দেখতেও চেয়েছে পৃথিবী। পাখির চোখে বাংলাদেশকে দেখতে হলে আলোকচিত্রী রুম্মান মাহমুদের ছবি দেখতে হবে। হেলিকপ্টার ও উড়োজাহাজ থেকে তাঁর তোলা ৩৫টি আলোকচিত্র নিয়ে দৃক গ্যালারিতে শুরু হয়েছে প্রদর্শনী ‘গ্রিন ডেল্টা এরিয়েলস’।
গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। প্রদর্শনীটি চলবে ২২ আগস্ট পর্যন্ত। ছবি দেখতে দর্শকদের যেতে হবে বিকেল তিনটা থেকে রাত আটটার মধ্যে।
সেনাবাহিনী ও র্যা বে চাকরি করার সময় মেজর রুম্মান মাহমুদ এসব ছবি তোলার সুযোগ পেয়েছিলেন। প্রদর্শনীটি তিনি উৎসর্গ করেছেন মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি। শখের বশেই ছবি তোলেন, আঁকেনও। এর আগে বিভিন্ন দলগত প্রদর্শনীতে তাঁর তোলা ও আঁকা ছবি ঠাঁই পেয়েছে। প্রদর্শনীতে আমাদের স্মৃতিসৌধ, শহীদ মিনার, স্বাধীনতা স্তম্ভ, উত্তরা গণভবন, সংসদ ভবন, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিলের মতো স্থাপত্যকে দেখা যাবে। বর্ষাকালে ওপর থেকে সবুজ ধানখেত, নদীমাতৃক বাংলাদেশকেও দেখা যাবে সেখানে।