পাঞ্জাবের প্রেমে কারিনা
চলচ্চিত্রের প্রয়োজনে পাঞ্জাবে এত বেশি যাওয়া-আসা করেছেন যে, শেষ পর্যন্ত প্রেমেই পড়ে গেছেন কারিনা কাপুর। এখন পাঞ্জাবের সঙ্গে হূদয়ের একটা ঐকতান টের পান তিনি। ভালোবাসেন আদিবাসী পাঞ্জাবীদের পোশাক-আশাক ও তাঁদের সংস্কৃতি। মওকা পেলেই শুটিং করতে পাঞ্জাবে চলে যান। ‘সর্বশেষ বডিগার্ড ছবির শুটিং করেছি পাঞ্জাবে।’ হেসে বললেন কারিনা। ‘পাঞ্জাবকে নিজের বাড়ির মতো মনে হয়। এখানে এলে মনের ভেতরটা কেমন যেন করে। সেটা বলে বোঝানো যাবে না।’ বললেন ৩১ বছর বয়সী এই অভিনেত্রী। পাঞ্জাবী ভাষাও পছন্দ করেন তিনি। তাই নিজেই এখন এই ভাষা শিখছেন। তাঁর কথায়, ‘ভাষাটা খুব মিষ্টি। এমন ভাষায় কথা বলতে কে না পছন্দ করবে?’ পাঞ্জাবের আবহাওয়াটাও বেশ। বিশেষ করে ডিসেম্বর, জানুয়ারিতে চমত্কার শীত পড়ে এখানে। ভারত-পাকিস্তানের সীমান্তবর্তী অনিন্দ্য সুন্দর প্রকৃতির এই লীলাভূমিতে ফের যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন কারিনা। তবে এবার শহরে-বন্দরে নয়। ঘুরে বেড়াবেন পাড়াগাঁয়ে। টিএনএন।