পাটায় বেটে হাতে মেহেদি লাগানো হতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ। তবে গ্রাম ও শহরের ঈদ উদ্‌যাপনে আছে তফাত। সঙ্গে ঈদের আনন্দ উত্সবের বহিঃপ্রকাশেও আছে ভিন্নতা। গ্রাম ও শহরের ঈদ উদ্‌যাপনের আনন্দস্মৃতি নিয়ে চলেছেন অভিনেত্রী  দিলারা জামান। তাঁর কাছ থেকে স্মৃতিগুলো শুনেছেন শফিক আল মামুন
দিলারা জামান
দিলারা জামান

বাবা ছিলেন প্রকৌশলী। ১৯৪৭ সালে দেশভাগ হওয়ার পর আসানসোল থেকে বাবার সঙ্গে যশোর শহরে চলে আসি। ছোটবেলায় যশোর শহরের ঈদের স্মৃতিগুলো এখনো মনে আছে। ঈদের সময় মা হাতে সেলাই করে একটা নতুন জামা বানিয়ে দিতেন। সেই জামা পরে বাবার সঙ্গে ঈদের মাঠে যেতাম। সারা দিন পাড়ায় পাড়ায় নতুন জামা দেখিয়ে বেড়াতাম। নতুন জামা এক দিনের বেশি পরা হতো না। রাতের বেলায় জামাটি ভাঁজ করে আলমারিতে তুলে রাখতেন মা। ওই জামা ঈদুল আজহায় পরতে হতো। কারণ, ওই ঈদে নতুন জামা দেওয়া হতো না।

ঈদের আগের রাতে হাতে মেহেদি দেওয়ার কথাগুলো বেশি মনে পড়ে। তখন গাছ থেকে পাতা ছড়িয়ে পাটায় বেটে হাতে মেহেদি লাগানো হতো। আমাদের পাড়ায় একটা কি দুটি মেহেদিগাছ ছিল। ঈদের আগে থেকে সবারই গাছের দিকে নজর থাকত। আমরা ছোটরা পাতার ভাগ খুবই কম পেতাম। আগের দিন বিকেলে মেহেদির পাতা বেটে রাতে হাতের তালু ও নখে লাগাতাম। চাঁদরাতে অনেক রাত অবধি জেগে থাকতাম, যেন মেহেদি নখ থেকে খুলে না যায়।

ছোটবেলার ঈদের একটি মজার স্মৃতি এখনো ঘুরেফিরে চোখে ভাসে। তখনকার সময় ঈদের দিন নতুন জামা ও নতুন স্যান্ডেল বা জুতা পরার আগ পর্যন্ত আমরা কেউ কাউকে দেখাতাম না। এক ঈদের ঘটনা বলি—আমার নতুন স্যান্ডেল ঈদের কয়েক দিন আগে আলমারির পেছনে কাগজে জড়িয়ে লুকিয়ে রেখেছি। ঈদের দিন সকালে উঠে স্যান্ডেল কোথায় রেখেছি, তা ভুলে গেছি। খুঁজে খুঁজে হয়রান। মা রেগে চোখমুখ কালো করে ফেলেছেন। কিন্তু ঈদের দিন বলে বকাও দিতে পারছিলেন না। কী আর করার পুরোনো স্যান্ডেল পায়ে দিয়ে ঈদ করলাম। ঈদের তিন-চার দিন পর কাজের মেয়ে ঘর পরিষ্কার করতে গিয়ে স্যান্ডেল জোড়া পায়। সেটা দেখে হাসব না কাঁদব মাথায় এল না।

১৯৫৪ সালে আমরা যশোর থেকে ঢাকায় চলে আসি। যা হোক এখনকার ঈদে একেকজনের কত নতুন নতুন পোশাক! নিজের কেনা, উপহার পাওয়া—সব মিলিয়ে অনেক পোশাক। আমার কাছে মনে হয়, আগের চেয়ে শহরের ঈদের আনন্দ কমেছে, কমেছে মানুষের মধ্যে হৃদ্যতা।