পাটের ক্যানভাসে বাংলাদেশ

তরুণ ১৮ শিল্পীর চিত্রকর্ম নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালায় শুরু হলো ‘পাটের ক্যানভাসে বাংলাদেশ’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী। শুক্রবার বিকেলে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন ভাস্কর হামিদুজ্জামান খান। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। আয়োজন করেছে ‘পাটের লড়াই’। ‘পাটের ক্যানভাসে বাংলাদেশ’ শীর্ষক এ প্রদর্শনীটি চিত্রশিল্পী এস এম সুলতানকে উৎসর্গ করা হয়েছে।
প্রদর্শনীতে মোট ৩৫টি চিত্রকর্ম স্থান পেয়েছে। এ ছাড়া স্কুলপড়ুয়া ৩৬ শিশুশিল্পীর চিত্রকর্ম এতে প্রদর্শিত হচ্ছে। সরকার–ঘোষিত জাতীয় পাট দিবস সামনে রেখে আয়োজিত এ চিত্রকর্ম প্রদর্শনীতে চটের ওপর আঁকা চিত্রকর্মগুলোতে বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস, ঐতিহ্যসহ নানা বিষয় উঠে এসেছে।
প্রদর্শনী উদ্বোধনকালে ভাস্কর হামিদুজ্জামান খান বলেন, ‘পাটের ওপর এ ধরনের আয়োজন বাংলাদেশে এই প্রথম। এই আয়োজনের মধ্যে দিয়ে শিল্পকলায় পাটের ব্যবহারের যে সেতুবন্ধ তৈরি হলো, তা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এর মধ্যে দিয়ে চারুকলা শিক্ষার্থী ও তরুণ শিল্পীরা ক্যানভাস হিসেবে পাটকে বেছে নিতে উৎসাহিত হবেন।’

দেশীয় পাটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ইউরোপ–আমেরিকায় পাটের ক্যানভাস বেশ সমাদরের সঙ্গে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের পাটের তৈরি ক্যানভাসকে আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি। আর এর সঙ্গে আমাদের বাহারি পাটপণ্য তো আছেই। ঠিকঠাক নিজেদের সম্পর্কে ব্যবহার করতে পারাটাই সবচেয়ে বেশি জরুরি।’
প্রদর্শনীর সময় অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ পাট নিয়ে তরুণদের নতুন এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘ক্যানভাস হিসেবে পাটের ব্যবহার দেশের তরুণদের মধ্যে পাটপণ্যকে জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণেরা সব সময়ই নতুন কিছু করে। এ ধরনের প্রদর্শনী প্রতিবছর আয়োজিত হবে, সেই প্রত্যাশা রইল।

আয়োজক প্রতিষ্ঠান “পাটের লড়াই”র প্রতিষ্ঠাতা নাসিমুল আহসান জানান, দেশ ও দেশের বাইরের শিল্পীদের মধ্যে পাটের ক্যানভাসকে জনপ্রিয় করার পাশাপাশি এ আয়োজনের মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষকে পাট ও পাটপণ্যের প্রতি উৎসাহী করে তুলতে চাই। প্রদর্শনীটি প্রতিবছর আয়োজন করে যেতে চাই।’
প্রদর্শনীটি চলবে ৫ মার্চ পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।