‘বহুদিন থেকে আমি লিখছি কবিতা,/ বহুদিন থেকে আমি লিখি না কবিতা;/ লিখিনি কবিতা পূর্বে, পরে, বর্তমানে?/তাহলে একে কি বলি? এই যা লিখছি’—জ্যৈষ্ঠর বিকেলে নিজের লেখা বৈশাখে রচিত পঙিক্তমালা থেকে পাঠ করছিলেন কবি সৈয়দ শামসুল হক। কক্ষে পিনপতন নীরবতা। একপাশে বই হাতে সংগীতশিল্পী নাশিদ কামাল। কবি এক স্তবক পাঠ করার পর সেই স্তবকের ইংরেজি অনুবাদ আবৃত্তি করেন তিনি। অন্য পাশে চিত্রশিল্পী সৈয়দ ইকবাল কবিতার চিত্রকল্প ক্যানভাসে ফুটিয়ে তোলার চেষ্টায় মগ্ন। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনারকক্ষ ভরা দর্শক মুগ্ধ হয়ে উপভোগ করেন ব্যতিক্রমী আয়োজনটি।১ জুন থেকে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনারকক্ষে চলছে অ্যাডর্ন পাবলিকেশনের ‘গ্রীষ্মের বই উৎসব’। ১৩ দিনের এই আয়োজনে বই বিক্রির পাশাপাশি রয়েছে বইকে কেন্দ্র করে নানা আয়োজন। এর ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার বিকেলে ছিল কবিকণ্ঠে পাঠ, সঙ্গে ইংরেজি অনূদিত আবৃত্তি এবং ক্যানভাসে শিল্পীর অঙ্কন। সৈয়দ শামসুল হক তাঁর বৈশাখে রচিত পঙক্তিমালা কাব্যগ্রন্থ থেকে পাঠ করেন। আফসান চৌধুরী অনূদিত বইটির ইংরেজি সংস্করণ স্ট্যাঞ্জাস অব সামার অ্যান্ড স্ত্রিং থেকে আবৃত্তি করেন নাশিদ কামাল। ছবি আঁকেন শিল্পী সৈয়দ ইকবাল।এ বছর প্রথমবারের মতো গ্রীষ্মের বই উৎসব আয়োজন করেছে অ্যাডর্ন। চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। বই উৎসবে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়ে বই কেনা যাবে।পঞ্চাশে প্রবীণ কখনো নবীননাট্যদল নাট্যতীর্থের আয়োজনে পাঁচটি নাটকের পঞ্চাশতম প্রদর্শনী উপলক্ষে গতকাল শিল্পকলা একাডেমীতে শুরু হয়েছে ‘পঞ্চাশে প্রবীণ কখনো নবীন’ স্লোগানে ‘পঞ্চদশের পঞ্চদিন’ শীর্ষক নাট্যোৎসব।একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার। প্রধান অতিথি ছিলেন মামুনুর রশীদ এবং বিশেষ অতিথি ছিলেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী। এদিন সম্মাননা জানানো হয় নাট্যব্যক্তিত্ব ফয়েজ জহিরকে।উদ্বোধনী আয়োজনের পর ছিল লোক নাট্যদলের (সিদ্ধেশ্বরী)মাঝ রাতের মানুষেরা নাটকের পঞ্চাশতম মঞ্চায়ন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্বদেশ রঞ্জন দাস, জেবুন্নেসা সোবহান, জিয়াউদ্দিন শিপন, আজিজুর রহমান সুজন, মাসুদ সুমন প্রমুখ।গানে গানে স্মরণশিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে স্মরণ করা হয় বাংলা গানের তিন ব্যক্তিত্ব খান আতাউর রহমান, সুবল দাস ও দেবু ভট্টাচার্যকে। একাডেমীর সংগীত ও নৃত্য বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই আয়োজনের আলোচনা পর্বে উপস্থিত ছিলেন গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান।আলোচনা শেষে ছিল এই তিন সংগীত ব্যক্তিত্বের সুর করা গানের পরিবেশনা।