পাঠচক্র ও আলোচনায় ‘মানুষের ধর্ম’
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রবন্ধ গ্রন্থ মানুষের ধর্ম-এর ওপর পাঠচক্রের আয়োজন করে গণ-উন্নয়ন গ্রন্থাগার। গতকাল বিকেলে গ্রন্থাগারের নিজস্ব মিলনায়তনে ছিল এ আয়োজনটি। পাঠচক্রে অংশগ্রহণকারীদের পাশাপাশি অতিথি আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক এবং নারীনেত্রী সালমা শফি। সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ।আলোচকেরা বলেন, এ বইতে কবিগুরু মানুষের আত্মার অমরত্ব বা মানুষের বহুত্বের বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেছেন, জরা, মৃত্যু, শোক, ক্ষুধা-তৃষ্ণার অতীত অমর আত্মার কারণেই মানুষ সর্বজনীন। এই আত্মার কারণেই মানুষ সর্বকালের সব মানুষকে নিয়ে এক বৃহৎ এবং গভীর ঐক্যের বন্ধনে আবদ্ধ।নাট্যোৎসবে ‘শেষ সংলাপ’ ও ‘পালাকারের নকশা’মামলুকরা ছিল দাস থেকে পরিণত যোদ্ধা। ক্রমে তারা মিসর, ইরাক ও ভারতসহ বিভিন্ন দেশে রাজনৈতিক প্রতিপত্তির অধিকারী হয়ে ওঠে। ত্রয়োদশ শতাব্দী থেকে ষোড়শ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত মিসর শাসন করে মামলুক বংশ। এ বংশের শাসকেরা অধিকাংশই ছিলেন তুর্কি ক্রীতদাস। তেমন এক ক্রীতদাসকে নিয়ে নাটক শেষ সংলাপ-এর কাহিনি। গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয় নাট্যোৎসব ও দুই বাংলার নাট্যমেলায় এটি মঞ্চস্থ করে নাট্যদল সময়। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় ৩ জুন শুরু হওয়া এ উৎসবের আয়োজক বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। শেষ সংলাপ অন্যতম শ্রেষ্ঠ আরবি নাট্যকার হুমায়ুন তাওফিক আল-হাকিমের নাটক সুলতানুজ জান্নাম-এর বঙ্গানুবাদ। ভাষান্তর করেছেন সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী। নির্দেশনা আকতারুজ্জামানের। নাটকে দেখা যায় মিসরের এক সুলতান উত্তরাধিকারী হিসেবে একজন ক্রীতদাসকে মনোনীত করেন। কিন্তু দুর্ভাগ্যবশত মৃত্যুর আগে তাঁকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে যেতে ব্যর্থ হন। পরে উত্তরাধিকারীর বৈধতা নিয়ে জটিলতার সৃষ্টি হয়। এ নাটকে অভিনয় করেন পাভেল ইসলাম, রিয়াজ মাহমুদ, আরিফুজ্জামান, তোফায়েল সরকার, ফখরুল ইসলাম, শেখ মোশাররফ হোসেন, মাকসুদুল বারী প্রমুখ।এ ছাড়া গতকাল নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় নাট্যচক্রের নাটক পালাকারের নকশা। নিরীক্ষাধর্মী এ নাটকের রচনা ও নির্দেশনায় ছিলেন গোলাম সারোয়ার। এতে অভিনয় করেন পারভেজ রানা, মাহমুদুল হাসান, মাহমুদা শিউলি, শারজীন সুলতানা, জিনাত আরা প্রমুখ। আজ বৃহস্পতিবার উৎসবের সপ্তম দিন সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে চট্টগ্রামের নাট্যদল থিয়েটার ওয়ার্কশপ মঞ্চস্থ করবে নীহারেন্দু কর রচিত নাটক বেধুয়া। পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হবে ঢাকা পদাতিকের সংগৃহীত কাহিনির নাটক পাইচো চোরের কিস্সা।নজরুল উৎসবনজরুল উৎসবে চতুর্থ দিন গতকাল ছিল আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনা। শিল্পকলা একাডেমীর সহযোগিতায় এ উৎসবের আয়োজন করে নজরুলসংগীত শিল্পী পরিষদ। একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে গতকাল সন্ধ্যায় উৎসব শুরু হয় পরিষদের শিল্পীদের সম্মেলক কণ্ঠে ‘জয় হোক জয় হোক’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে। গতকাল একক সংগীত পরিবেশন করেন সুমন চৌধুরী, নাসিমা শাহীন, জলি শরীফ, ইসরাত সুলতানা, আফসানা রুনা, তাপস চক্রবর্তী, পরিতোষ কুমার মণ্ডল, রাশিদুল ইসলাম প্রমুখ। ‘ভরিয়া পরান শুনিতেছি গান’, ‘কাছে আমার নাইবা এলে’, ‘ঝর ঝর বারি ঝরে’, ‘বন বিহঙ্গ যাও রে’, ‘আবার ভালোবাসার সাধ জাগে’, ‘বঁধু তোমার আমার এই বিরহ’, ‘কাবেরী নদী জলে কে গো বালিকা’—এসব গান গেয়ে শোনান শিল্পীরা। ‘বাংলাদেশ’ কবিতাটি আবৃত্তি করেন হাসান আরিফ।যশোরে পোড়ামাটির গয়নার প্রদর্শনীযশোর অফিস জানিয়েছে, মৃৎশিল্পকে জনপ্রিয় করার লক্ষ্যে যশোর শহরের চারুপীঠ আর্ট গ্যালারিতে ১০ দিনব্যাপী পোড়ামাটির গয়নার প্রদর্শনী চলছে। গত সোমবার বিকেলে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ‘বাংলার টেরাকোটা’ এ প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীতে মাটির চুড়ি, কানের দুল, গলার মালা ও নূপুরসহ বিভিন্ন গয়না রয়েছে। এগুলো ৫০ থেকে ১০০ টাকার মধ্যে বিক্রিও হচ্ছে। এ প্রদর্শনী চলবে ১৫ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা অবধি গ্যালারি খোলা থাকবে।বাংলার টেরাকোটার স্বত্বাধিকারী শহিদুল হাসান প্রথম আলোকে জানান, দেশি-বিদেশি আদিবাসীদের লোকজ ঐতিহ্যের নকশার আদলে তৈরি করা হয়েছে গয়নাগুলো।