আজ আন্তর্জাতিক নৃত্য দিবস। এ দিবসটি যৌথভাবে উদ্যাপন করছে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী। এই আয়োজনের অংশ হিসেবে বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হবে। এখানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন নৃত্যশিল্পী তামান্না রহমান। কথা হলো তাঁর সঙ্গে।আজ তো আন্তর্জাতিক নৃত্য দিবস। এ দিনটি কীভাবে উদ্যাপন করবেন?এ দিবসটি উপলক্ষে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা এরই মধ্যে সপ্তাহব্যাপী নৃত্য উত্সবের আয়োজন করেছে। আজ তা শেষ হচ্ছে। সকাল সাড়ে সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে মঙ্গলনৃত্য হবে। এরপর সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। এখানে অংশ নেবেন নৃত্যশিল্পীরা। বেলা তিনটায় জাতীয় চিত্রশালা প্লাজায় হবে নৃত্যানুষ্ঠান। এখানে অংশ নেবেন ঢাকার নৃত্যশিল্পীরা। আর সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় নাট্যশালায় হবে মূল অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে ঢাকার বাইরের শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন।এ অনুষ্ঠানে ঢাকার শিল্পীদের পরিবেশনা থাকছে না কেন?আমরা ঢাকার শিল্পীরা তো জাতীয় পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিতই অংশ নিচ্ছি। কিন্তু ঢাকার বাইরেও এখন নৃত্যচর্চার ব্যাপক প্রসার ঘটেছে। জাতীয় পর্যায়ের অনুষ্ঠানগুলোতে তাঁদের অংশগ্রহণ একেবারেই সীমিত। তাই তাঁদের উত্সাহ দিতে এবং সুযোগ করে দেওয়ার জন্য আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। আজকের অনুষ্ঠানে আদিবাসী শিল্পীরাও নৃত্য পরিবেশন করবেন। আজ তো একটি সেমিনারেরও আয়োজন করা হয়েছে।হ্যাঁ। এখানে প্রবন্ধ উপস্থাপন করার জন্য আমাকে বলা হয়েছে। প্রবন্ধের বিষয় ‘প্রাথমিক ও মাধ্যমিক পাঠ্যসূচিতে নৃত্যকলাকে অন্তর্ভুক্ত করার অপরিহার্যতা’। আমরা বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা থেকে দীর্ঘদিন যাবত্ সরকারের কাছে এ দাবি জানিয়ে আসছি। এখন শিক্ষানীতির খসড়া তৈরি হচ্ছে। যতটুকু জানতে পেরেছি, খসড়াতে এ ব্যাপারটি রাখা হয়েছে। কিন্তু আমরা চাই, এর দ্রুত বাস্তবায়ন। কারণ, এখনই এর উপযুক্ত সময়।বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সামনে আর কী কাজ করবে?আমাদের তো অনেক কিছু করার পরিকল্পনা আছে। তবে সবচেয়ে আগে যেটা প্রয়োজন, তা হলো দেশের সব নৃত্যশিল্পীকে একটি সংগঠনের আওতায় নিয়ে আসা। আর এ কাজটা একমাত্র বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থাই করতে পারে। কারণ, নানা অজুহাতে অনেকেই এখন বিচ্ছিন্ন হয়ে আছে। সবাইকে সঙ্গে করে বাংলাদেশের নৃত্যকে এগিয়ে নিতে হবে।