পাঠ্যসূচিতে ‘এক জীবনে টেলিভিশন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যম ব্যক্তিত্ব ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘এক জীবনে টেলিভিশন’ বইটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে গ্রন্থাগার মিলনায়তনে ‘বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেলের গতি-প্রকৃতি’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলাউদ্দিন।মুখ্য আলোচক ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন জ্যোতি প্রকাশ দত্ত, রেজিস্ট্রার মো. শাহ আলম, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, ছড়াকার ও শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম।মুখ্য আলোচকের বক্তব্যে ফরিদুর রেজা সাগর এক জীবনে টেলিভিশন বইটির বিভিন্ন দিক নিয়ে কথা বলেন এবং শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগসহ দেশের সব কটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে একটি করে ডিজিটাল ভিডিও ক্যামেরা অনুদান ঘোষণা দেন। এ ছাড়া চ্যানেল আইয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিল্পী কোটায় ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে ‘কথায় কবিতায় সুরের মূর্ছনায়’ নামে একটি অনুষ্ঠান নির্মাণের প্রতিশ্রুতি দেন।প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলাউদ্দিন বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে বেসরকারি টেলিভিশনের গুরুত্ব তুলে ধরেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইমদাদুল হক মিলন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন জ্যোতি প্রকাশ দত্ত, রেজিস্ট্রার মো. শাহ আলম ও শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম।