গতকাল ছিল ৯ মার্চ। ১৯৩২ সালের এই দিনেই তো কাইয়ুম চৌধুরীর জন্ম। দিনটিতে যদি তাঁর নিজের হাতে করা ইলাস্ট্রেশন আর ছবিগুলো কোনো গ্যালারিতে দেখা যায়, তবে কি শিল্পী আর বাস্তবে অধরা থাকেন?
শিল্পী কাইয়ুম চৌধুরীর ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দুটি স্মারক প্রদর্শনীর আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। একটি ধানমন্ডি সাতাশ নম্বরের বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে, অন্যটি গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে। ধানমন্ডির গ্যালারিতে স্থান পেয়েছে বেঙ্গল থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা কালি ও কলম-এ তাঁর করা ড্রয়িং ও ইলাস্ট্রেশন। এখানে এলে দর্শক দেখতে পাবেন কীভাবে কালি ও কলম-এর পাতায় পাতায় কাইয়ুম চৌধুরী ছড়িয়ে আছেন। কী করে মূল ছাপার আগে ডামিগুলোতে রং ছড়িয়ে গেছেন তিনি, সমৃদ্ধ করেছেন ১২ বছরের পত্রিকাটিকে। ডামিতে তাঁর নিজস্ব আঁকা যেমন দেয়ালে স্থান পেয়েছে, তেমনি ছাপা হওয়ার পর সেগুলো কেমন রূপ পেয়েছিল, সেগুলোও দেখা যাবে। এ প্রদর্শনী চলবে আগামী ৪ এপ্রিল প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। আর গুলশানের আর্ট লাউঞ্জে স্থান পেয়েছে বেঙ্গলের সংগৃহীত কাইয়ুম চৌধুরীর ২৫টি চিত্রকর্ম। এ প্রদর্শনীটি চলবে ২৮ মার্চ প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।
একটু মনে করিয়ে দিই, ৩০ নভেম্বর ২০১৪ আর্মি স্টেডিয়ামে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গসংগীত অনুষ্ঠানের চতুর্থ দিন। মঞ্চে অতিথি কাইয়ুম চৌধুরী। বক্তৃতা দিতে দিতেই তাঁর অন্তিমযাত্রা। মৃত্যুর কোলে ঢলে পড়া এক মহান আত্মার প্রয়াণের সাক্ষী ছিলেন যাঁরা, তাঁদের জন্য সেদিনের স্মৃতি বড় কষ্টের।
গতকাল বেঙ্গল গ্যালারি ও ফাইন আর্টসে প্রদর্শনী দুটি উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, শিল্পী রফিকুন নবী ও সমরজিৎ রায়চৌধুরী। তাঁরা ছাড়াও বক্তব্য দেন কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত এবং কাইয়ুম চৌধুরীর ছেলে মইনুল ইসলাম জাবের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।