পানির নিচে অর্ণবের গানের শুটিং

কলকাতার একটি ছবিতে পাঁচটি গান গেয়েছেন বাংলাদেশের অর্ণব। ছবির নাম কলকাতা কলিং। গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। পরিচালক মৈনাক ভৌমিক। ছবিতে অভিনয় করেছেন রাইমা সেন, রিয়া সেন, মুনমুন সেন, সম্রাট, ঋত্বিক, কৌশিক সেন প্রমুখ। ছবিতে অর্ণবের একটি গানের দৃশ্য ধারণ করা হয় পানির নিচে। ছবির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, কলকাতার ছবিতে এমনটা এর আগে হয়নি। এই গানের কথা হলো ‘একটা একটা ছোট ছোট স্বপ্ন’। গানটির সঙ্গে অভিনয় করেছেন রাইমা সেন ও সম্রাট। এই দৃশ্যটি বেশ প্রশংসিত হয়েছে।
ছবির পরিচালক মৈনাক ভৌমিক প্রথম আলোকে বলেন, ‘কলকাতা কলিং অন্য ধারার এবং ভিন্ন স্বাদের ছবি। ছবিটি দর্শকেরা গ্রহণ করেছেন। আমাদের এখানে বাংলা ছবি দেখার দর্শক এখন বাড়ছে।’
অর্ণবের গান নিয়ে মৈনাক বলেছেন, ‘অর্ণব আমার অনেক দিনের বন্ধু। তার সঙ্গে পরিচয় ১৯৯৭ সাল থেকে। খুব ভালো গান করে। এই ছবির পাঁচটি গান গেয়েছে সে। দারুণ গেয়েছে।’
অর্ণব বলেন, ‘মৈনাক আমার ছোটবেলার বন্ধু। তার ছবিতে গান গেয়ে ভালোই লেগেছে।’