আরটিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক অলসপুর। এটি পরিচালনা করেছেন আল হাজেন। এতে অভিনয় করেছেন মীম। তাঁর সঙ্গে কথোপকথনের শুরুতেই এল হুমায়ূন আহমেদ প্রসঙ্গ।হুমায়ূন আহমেদ স্যারের সঙ্গে আপনি প্রথম কোন কাজটি করেছিলেন?নাটক, নাম রহস্য। ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ হওয়ার পর ওটাই ছিল আমার প্রথম নাটক। আমি ভয়ে অস্থির—একে নিজের প্রথম নাটক, তার ওপর স্যার নিজে পরিচালনা করছেন। ভয়ে আমার মুখ দিয়ে কোনো সংলাপ বের হয়নি। স্যার নিজেও অনেক চেষ্টা করেছেন। শেষে নাটকে আমাকে বাকপ্রতিবন্ধী হিসেবে দেখানোর সিদ্ধান্ত নিলেন স্যার।‘আমার আছে জল’ ছবিতে কবে কাজ করলেন?২০০৮ সালের জানুয়ারি মাসে। রহস্য নাটকের পর স্যার এই ছবির কাজ শুরু করেন।এই ছবির শেষ দিকের একটি দৃশ্যে আপনি পুকুরে ভেসে ছিলেন। কীভাবে?স্যার শুটিং শুরুর আগেই আমাকে বলেছিলেন, ভালো করে সাঁতার শেখো, তোমাকে পুকুরের পানিতে অনেকক্ষণ ভেসে থাকতে হবে। আমি টানা এক মাস সাঁতার শিখেছি। কিন্তু শুটিংয়ের সময় অনেক চেষ্টা করেও পানিতে ভেসে থাকতে পারিনি। ওই দিন আর কোনো শট হলো না। স্যারের মুখের দিকে তাকাতে ভয় পাচ্ছি। পরদিন স্যারের নির্দেশে ইউনিটের একজন আমাকে পুকুরের একেবারে মাঝখানে নিয়ে যায়। আমার খুব ভয় হচ্ছিল। সেখানে গিয়ে দেখি, পানির একটু নিচে একটা ভেলা বেঁধে রাখা হয়েছে। আমি তো দারুণ খুশি। নিশ্চিন্তে ভেলার ওপর শুয়ে পড়ি। আর ছবি দেখে সবাই ভেবেছে, আমি পানির ওপর ভাসছি।‘অলসপুর’ নাটকের কী খবর?এখন এই একটি ধারাবাহিকই করছি। আর যা করছি, সবই ঈদের জন্য, টেলিছবি ও এক ঘণ্টার নাটক। অলসপুর নাটকের সংলাপগুলো কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায়। শুরুতে তা রপ্ত করতে অনেক কষ্ট হয়েছিল। এখন অবশ্য কাটিয়ে উঠেছি।