পাপারাজ্জি এড়াতে গিয়ে দুর্ঘটনায় ক্রিস ব্রাউন
পাপারাজ্জিদের হাত থেকে বাঁচার জন্য দ্রুত গাড়ি চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন মার্কিন গায়ক ও অভিনেতা ক্রিস ব্রাউন। গ্র্যামি পুরস্কার প্রদান অনুষ্ঠানের মাত্র এক দিন আগে যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে রাস্তার পাশের এক দেয়ালের সঙ্গে ধাক্কা খায় ক্রিসের কালো রঙের পোর্শে গাড়িটি। এ দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও অক্ষত আছেন ক্রিস। এক খবরে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।এ প্রসঙ্গে বেভারলি হিলস পুলিশের পক্ষ থেকে সার্জেন্ট কার্ট হায়েফস জানিয়েছেন, ক্রিস ব্রাউনের দাবি, একদল পাপারাজ্জি তাঁর পিছু নিলে তিনি গাড়ির গতি বাড়িয়ে দেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দেয়ালের সঙ্গে ধাক্কা খায় তাঁর গাড়ি। দুর্ঘটনার আগমুহূর্ত পর্যন্ত তাঁকে ধাওয়া করেছে পাপারাজ্জিরা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।কাকতালীয় বিষয় হলো, চার বছর আগে ২০০৯ সালে গ্র্যামি পুরস্কার প্রদান অনুষ্ঠানের ঠিক এক দিন আগে প্রেমিকা রিয়ান্নার গায়ে হাত তুলে ফেঁসে গিয়েছিলেন ক্রিস। তাঁর হামলায় আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছিল রিয়ান্নাকে। পরে ক্রিসের সঙ্গে সম্পর্ক ছিন্নের পাশাপাশি গৃহ-সন্ত্রাসের অভিযোগে মামলা করেন রিয়ান্না। তবে গত বছর এই জুটির পুনর্মিলনের আভাস পাওয়া যায়। চলতি বছরের জানুয়ারিতে রিয়ান্না নিশ্চিত করেন, আবার একে অপরের জীবনে ফিরে এসেছেন তাঁরা।