পাপারাজ্জিদের কবলে লোহান
হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান গত কয়েক বছর নানা কারণে আলোচনায় রয়েছেন । ফলে ভক্ত থেকে শুরু করে সবারই মধ্যে তাঁকে নিয়ে একটা বাড়তি আগ্রহ জন্মেছে। আর পাপারাজ্জিরা তো সব সময় তাঁর পেছনেই লেগে আছেন। কোনো তারকা ব্যক্তিকে ঘিরে রসাল কিংবা গুঞ্জন সংবাদ পরিবেশনই এদের কাজ। সম্প্রতি নিউইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরে পাপারাজ্জিদের কবলে পড়েন লোহান। এ নিয়ে তিনি ভীষণ বিরক্ত। লোহান তাঁর টুইটার বার্তায় বেশ ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘নিউইয়র্ক আমার অনেক ভালোবাসার স্থান। কিন্তু পাপারাজ্জিরা বিমানবন্দরটিতে যেভাবে আমার ওপর হামলে পড়ে, তাতে আমি বেশ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ি। তারা আমার সঙ্গে এমনকি পশুর মতো আচরণ করেছে। যা কোনোভাবেই কাম্য নয়। কারণ, সেখানে আমি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বেড়াতে গিয়েছিলাম।’ উল্লেখ্য, সর্বশেষ লিন্ডসে লোহানের চুরির একটি ভিডিও তাঁকে নতুন করে আলোচনায় নিয়ে আসে। লস অ্যাঞ্জেলসের একজন দোকান মালিক লোহানের এ চুরির ভিডিওটি আমেরিকান টিভি নেটওয়ার্কসের কাছে ৩৫ হাজার ডলারে বিক্রি করেন।