পাপিয়া সারোয়ারের ‘আকাশ পানে হাত বাড়ালেম’
সংগীতশিল্পী পাপিয়া সারোয়ারের রবীন্দ্রসংগীতের একটি নতুন অ্যালবাম প্রকাশিত হয়েছে। ‘আকাশ পানে হাত বাড়ালেম’ নামের অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন কলকাতার দূর্বাদল চট্টোপাধ্যায়। এ বছরের জানুয়ারিতে জি-সিরিজ থেকে প্রকাশিত হয়েছিল পাপিয়া সারোয়ারের ‘পূর্ণ চাঁদের মায়ায়’ অ্যালবামটি।১৯৬৭ সাল থেকেই টেলিভিশন ও রেডিওতে নিয়মিত গান করে আসছেন এদেশের জনপ্রিয় সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার। শুরুর দিকে তিনি গাইতেন নজরুল সংগীত আর আধুনিক গান।পাপিয়া রবীন্দ্রসংগীত গাওয়া শুরু করেন ১৯৭২ সালে। তাঁর প্রথম অডিও অ্যালবামটি প্রকাশিত হয়েছিল ১৯৮২ সালে। অ্যালবামটির নামও ছিল শিল্পীর নামেই, ‘পাপিয়া সারোয়ার’।‘জীবনে আমার যত আনন্দ পেয়েছি’, ‘নূতন প্রাণ দাও’, ‘প্রাণসখা’, ‘সুখহীন’ ‘নিশিদিন’, ‘আকাশ ভরা সূর্য-তারা’, ‘গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা’, ‘এইকথাটাই ছিলেম ভুলে’, ‘আজ যেমন করে গাইছে আকাশ’, ‘ফুল তুলিতে ভুল করেছি’, ‘যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে’ ও ‘দিনান্তবেলায় শেষের ফসল’-এর মতো জনপ্রিয় রবীন্দ্রসংগীত দিয়ে সাজানো হয়েছে পাপিয়ার ‘আকাশ পানে হাত বাড়ালেম’ অ্যালবামটি। এটি প্রকাশিত হয়েছে জি-সিরিজের ব্যানারে।