জমিদার নদের চাঁদের এলাকায় আসে এক বেদে দল। এই দলকে চাঁদের বাড়িতে খেলা দেখানোর জন্য ডাকা হয়। খেলায় বেদেসর্দারের মেয়ে মহুয়াকে দেখে মুগ্ধ হয় নদের চাঁদ। মহুয়ারও ভালো লাগে চাঁদকে। বেদে দল নদের চাঁদের কাছ থেকে তার জমিতে বসবাসের অনুমতি লাভ করে; কিন্তু বেদেসর্দার বুঝতে পারে, নদের চাঁদ ও তার মেয়ে মহুয়ার মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। ক্ষিপ্ত হয় বেদেসর্দার। করুণ সমাপ্তির দিকে এগিয়ে যায় নদের চাঁদ আর মহুয়ার এই প্রেমেরকাহিনি। শেষে প্রণয়পিয়াসী নদের চাঁদ মহুয়ার আত্মত্যাগ সহ্য করতে না পেরে প্রেমের প্রতিদানস্বরূপ ছুরি দিয়ে নিজে আত্মাহুতি দেন। মহুয়া ও নদের চাঁদের এই পালা পাপেটের মাধ্যমে পরিবেশিত হয়েছে শিল্পকলা একাডেমীতে।শিল্পকলা একাডেমীতে আয়োজিত পাপেট থিয়েটার কর্মশালার সমাপনী অনুষ্ঠানে গতকাল বুধবার সন্ধ্যায় একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ ও মহুয়া পালা প্রদর্শন করা হয়। ‘দেশজ সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সাথে মেলবন্ধন’ শীর্ষক কর্মসূচির আওতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন দলের নাট্যকর্মীদের মধ্য থেকে বাছাই করে ৩৫ জন শিক্ষার্থী নিয়ে সপ্তাহব্যাপী কর্মশালার উদ্বোধন করেন শিল্পী মুস্তাফা মনোয়ার।নলিনীকান্ত ভট্টশালীর জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনারবাংলাদেশ জাতীয় জাদুঘরের শততম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে নলিনীকান্ত ভট্টশালীর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল সকালে সেমিনারের আয়োজন করা হয়। কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে অধ্যাপক নাসরীন আহমাদ প্রধান অতিথি ছিলেন। সেমিনারে ‘বাংলাদেশে প্রাপ্ত ছাপাঙ্কিত মুদ্রা: একটি পর্যালোচনা’ শিরোনামে প্রবন্ধ পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক বুলবুল আহমেদ। আলোচক ছিলেন অধ্যাপক এ কে এম ইয়াকুব আলী ও মো. রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এম আজিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস।চট্টগ্রামে সমরকলা নাচের কর্মশালা আজ শুরু হচ্ছেনিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, ওয়ার্ল্ড ড্যান্স অ্যালায়েন্স এশিয়া প্যাসিফিকের বাংলাদেশ অধ্যায় নৃত্যযোগের আয়োজনে চট্টগ্রামে চার দিনব্যাপী সমরকলা নাচের কর্মশালার আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে এই কর্মশালা শুরু হচ্ছে। নৃত্যযোগের সভাপতি শর্মিলা বন্দ্যোপাধ্যায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ও চট্টগ্রামে আট দিনের এই কর্মশালার আয়োজন করা হয়েছে। ১৯ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি রাজধানীতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষণ দিচ্ছেন সমরকলা আঙ্গিকের বিশেষজ্ঞ ভারতের নৃত্যশিল্পী কাজল হাজরা। দক্ষিণ ভারতের বিশেষ ধরনের নাচের আঙ্গিক সমরকলা। বর্তমানে ভারতের বিভিন্ন ধরনের নাচে এই আঙ্গিক ব্যবহার করা হয়। কথাকলি নাচের প্রশিক্ষণেও সমরকলা আঙ্গিক ব্যবহার করা হয়। কলকাতা বইমেলায় থিম কান্ট্রি বাংলাদেশকলকাতা প্রতিনিধি জানান, ভারতের কলকাতার বইমেলার এবারের থিম কান্ট্রি বাংলাদেশ। কলকাতার মিলন মেলা ময়দানে আয়োজিত ৩৭তম এই বইমেলার উদ্বোধন হবে ২৬ জানুয়ারি। উদ্বোধন করবেন বাংলাদেশের শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী ড. আনিসুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে বইমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রধান অতিথি থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেছেন, এ বছর বাংলা সাহিত্য অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য লাইফটাইম অ্যাওয়ার্ড পাচ্ছেন বিশিষ্ট লেখক মনিশংকর মুখোপাধ্যায় ওরফে শংকর। পুরস্কারের অর্থমূল্য পাঁচ লাখ রুপি। বইমেলায় বাংলাদেশের ৩৬টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। জাতীয় সংসদের আদলে পাঁচ হাজার বর্গফুট জায়গাজুড়ে বাংলাদেশের প্যাভিলিয়ন তৈরি হবে। উদ্বোধনীতে বাজবে রবীন্দ্রসংগীত ও লালনগীতির সুর। বইমেলায় সব মিলিয়ে স্টল থাকছে ৭৫০টি। মেলা শেষ হবে ১০ ফেব্রুয়ারি।