পাবনায় আজ শুরু হচ্ছে রবীন্দ্রসংগীত সম্মেলন
‘ও আমার দেশের মাটি’ গানটি দিয়ে আজ বৃহস্পতিবার সকাল থেকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ৩৩তম জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ এ সম্মেলনের আয়োজন করেছে। সকাল নয়টায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করে সম্মেলন উদ্বোধন করবেন জেলার প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব রণেশ মৈত্র। আয়োজকেরা জানান, তিন দিনের সম্মেলনে দেশের খ্যাতনামা শিল্পী, সাহিত্যিক, কবি, আবৃত্তিকার, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার সাত শতাধিক মানুষ অংশগ্রহণ করবেন। সম্মেলনের অধিবেশনগুলোতে সংগীত পরিবেশন করবেন ৩১০ জন পুরুষ ও ১৯০ জন নারী শিল্পী।
অনুষ্ঠানটিতে সহযোগিতা করছে স্কয়ার গ্রুপ। আজ উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও থাকবে প্রতিনিধি সম্মেলন, প্রশিক্ষণ, আবৃত্তি, নৃত্য ও সংগীতানুষ্ঠান। কাল শুক্রবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়িতে অনুষ্ঠিত হবে প্রীতি সম্মিলন। এদিন বিকেলে আবার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে থাকবে ‘কৃষি ও গ্রাম উন্নয়নে রবীন্দ্রনাথ’বিষয়ক সেমিনার, আবৃত্তি, নৃত্য ও সংগীতানুষ্ঠান। শনিবার সমাপনী দিনে সকালে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠান শুরু হবে। এরপর প্রতিনিধি সম্মেলন, শোক প্রস্তাব, বরীন্দ্রপদক ও গুণীজন সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিল্পী মুস্তাফা মনোয়ার। এদিনও থাকবে আলোচনা, আবৃত্তি, নৃত্য ও সংগীতানুষ্ঠান।