পাবনায় সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব সমাপ্ত
উপমহাদেশের কিংবদন্তি নায়িকা ও পাবনার মেয়ে সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্র নিয়ে পাবনায় সপ্তাহব্যাপী ‘সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব’ গতকাল শুক্রবার শেষ হয়েছে। ইউনিভার্সাল ফুড লিমিটেড ও রূপকথা সিনেমা হলের পৃষ্ঠপোষকতায় উৎসবের আয়োজন করে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ।শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। পরিষদের আহ্বায়ক এম সাইদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, নায়করাজ রাজ্জাক, ইলিয়াস কাঞ্চন, রাম দুলাল ভৌমিক, গোপাল সান্যাল প্রমুখ।বক্তারা অবিলম্বে সুচিত্রা সেনের পাবনার বাড়িটি দখলমুক্ত করে সেখানে একটি স্মৃতি জাদুঘর করার দাবি জানান।প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সুচিত্রা সেনের মতো একজন মহান শিল্পীর বাড়ি পাবনা শহরে। পাবনাবাসী হিসেবে এটা আমাদের গর্ব। আর সেই বাড়িটি স্বাধীনতাবিরোধী একটি চক্রের দখলে, এটা আমাদের জন্য দুঃখ। আমরা বাড়িটি দখলমুক্ত করে সেখানে তাঁর নামে একটি স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। এর জন্য যা যা করা দরকার, আমরা তা করব।’আলোচনা অনুষ্ঠান শেষে সুচিত্রা সেন অভিনীত বিপাশা চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়। সুচিত্রা-ভক্ত হাজার হাজার দর্শক ছবিটি উপভোগ করেন।