পাবনায় ‘আগুনমুখা’
‘নাটক হোক জীবনের প্রকাশিত সত্য, নাটক হোক জীবনযুদ্ধের হাতিয়ার’ স্লোগানের মধ্য দিয়ে পাবনার দোয়েল সেন্টার মিলনায়তনে গত সোম ও মঙ্গলবার মঞ্চস্থ হলো নাটকআগুনমুখা। প্রায় এক বছর পর জেলার অন্যতম নাট্য সংগঠন ড্রামা সার্কেল নাটকটি মঞ্চস্থ করেছে। মান্নান হীরা রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন পাবনা ড্রামা সার্কেলের নাট্যনির্দেশক দোলন আজিজ ও ফিরোজ খন্দকার। অভিনয় করেছেন ফিরোজ খন্দকার, ওহিদুল কাওসার, স্বাধীন মজুমদার, সিনথিয়া রহমান, মোস্তাফিজুর রহমান, সিরাজুল হক, তরুণ দাস, আজম, জয়, হাফিজ রতন, আমিনুল, শিশির ও তন্বী।পৃথিবীর যেসব মানুষ বিপ্লবের আপসহীন দিকে ভেলা ভাসায়, তাদের নিয়েই রচিত ছিল নাটকটি। নাটকে লেখক নারী-পুরুষের প্রেম যেমন, মানুষের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কও তেমন জটিল বলে বোঝাতে চেয়েছেন। নাটকে তিনি বিপ্লব, সততা, প্রেম ও বিপ্লবীদের প্রতি অত্যাচারের বিভিন্ন দিক তুলে ধরেছেন।নাটকটি পাবনা ড্রামা সার্কেলের ৩৪তম প্রযোজনা। ‘সাহসী যৌবন আমাদের গর্ব’ স্লোগান নিয়ে ১৯৮১ সালের ১৩ জুলাই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। পাবনা শহরের অশোক স্কুলের একটি ধার করা কক্ষ থেকে যাত্রা শুরু করে তারা কয়েক বছরে আরও ৩৩টি মঞ্চনাটক ও প্রায় ১৫টি পথনাটক জেলা ও জেলার বাইরে মঞ্চস্থ করেছে। এ ছাড়া সংগঠনটি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে এগিয়ে চলছে।সংগঠনের সভাপতি গোপাল সান্যাল জানান, ‘ভালো লাগা থেকে আমাদের নাট্যকর্ম শুরু হলেও দায়বদ্ধতা আমাদের নাট্যকর্মকে দিয়েছে ব্যাপকতা ও ভিন্নতা। আমাদের লালিত বিশ্বাস ও যা কিছু আমাদের চেতনাকে আলোড়িত করে, তা-ই প্রতিফলিত হয় আমাদের নাটকে। সমাজের মিথ্যা অহংকার আমাদের দ্রাহকে বাড়ায়। তাই দুর্নিবার ক্রোধে অশুভ-অমঙ্গলের ত্রাস হয়ে আমরা তাই সৃষ্টি সুখের উল্লাসে মাতি।’