পাম দ'র সম্পর্কে ১০ তথ্য
১. কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার পাম দ’র। মজার ব্যাপার হলো, বিভিন্ন সময়ে এ পুরস্কারটির দুটি নাম ছিল। ১৯৩৯-৫৪ পর্যন্ত এর নাম ছিল গ্রাঁ প্রি দু ফেস্তিভাল এন্তারন্যাশনাল দু ফিল্ম। ১৯৫৫-৬৩ পর্যন্ত নাম ছিল পাম দ’র। ১৯৬৪-৭৪ আবার এটি প্রথম নামে ফিরে যায়। ১৯৭৫ থেকে আবার নামকরণ হয় পাম দ’র। এখন এই নামেই পুরস্কারটি প্রচলিত।
২. নামের মতোই বেশ কয়েক বার উৎসবের সর্বোচ্চ এ পুরস্কারের ডিজাইন পরিবর্তন করা হয়েছে। ৭০তম বার্ষিকী উপলক্ষে এবারও করা হয়েছে বিশেষ ডিজাইন।
৩. ১৯৫৪ সালে সালে কর্তৃপক্ষ পুরস্কারটির নাম পাম দ’র ঠিক করার পর বিভিন্ন মণিকারকে এর ডিজাইন করতে বলা হয়। শেষ পর্যন্ত ফরাসি লুসিয়ানা লেজনের ডিজাইনটি বাছাই করা হয়।
৪. গত ২০ বছর ধরে সুইডেনের কোম্পানি শপার্ড পাম দ’র বানিয়ে আসছে। এবারের স্বর্ণপাম নির্মিত হয়েছে ০.৬৯৪ ক্যারেটের ১১৮ গ্রাম সোনা ব্যবহৃত হয়েছে এতে। স্বর্ণপামের পাতায় এবার প্রথমবারের মতো যুক্ত হয়েছে ১৬৭টি হীরা।
৫. ১৯৩৯ সালে প্রথম পুরস্কারটি পান মার্কিন যুক্তরাষ্ট্রের সেসিল বি ডেমিল। ছবির নাম ছিল ইউনিয়ন প্যাসিফিক।
৬. এ পুরস্কার পাওয়া প্রথম ও একমাত্র নারী নির্মাতা নিউজিল্যান্ডের জেন ক্যাম্পিয়ন। ১৯৯৩ সালে দ্য পিয়ানো ছবির জন্য তিনি পাম দ’র পান।
৭. এ পুরস্কার দু’বার পেয়েছেন আটজন নির্মাতা—সুইডেনের আলফ হবারি (১৯৪৬, ১৯৫১), যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস ফোর্ড কপোলা (১৯৭৪, ১৯৭৯), জাপানের ইমামুরা সোহেই (১৯৮৩, ১৯৯৭), সার্বিয়ার এমির কুস্তুরিকা (১৯৮৫, ১৯৯৫), ডেনমার্কের বিলা অগস্ত (১৯৮৮, ১৯৯২), ফ্রান্সের দার্দেন ভ্রাতৃদ্বয় (জঁ–পিয়ের ও লুক দার্দেন, ১৯৯৯, ২০০৫), যুক্তরাজ্যের কেন লোচ (২০০৬, ২০১২) ও অস্ট্রিয়ার মাইকেল হানেকে (২০০৯, ২০১২)। এখন পর্যন্ত কেউ তিনবার এ পুরস্কার পায়নি।
৮. কোনো উৎসবের সেরা চলচ্চিত্রের নির্মাতা যেমন এ পুরস্কার পান, তেমনি আছে সাম্মানিক পাম দ’রও। ২০০২ সাল থেকে বিভিন্ন সময়ে ছয়জন নির্মাতা এই সাম্মানিক স্বর্ণপাম পেয়েছেন। তাঁরা হলেন—যুক্তরাষ্ট্রের উডি অ্যালেন, ক্লিন্ট ইস্টউড, ফ্রান্সের অ্যানিয়েস ভার্দা, জঁ-পিয়ের লিও, পর্তুগালের ম্যানুয়েল দু ওলিভেইরা, ইতালির বেরনার্দো বের্তোলুচি।
৯. ১৯৬৮ সালের কান চলচ্চিত্র উৎসবে কোনো পাম দ’র দেওয়া হয়নি। মে মাসে ফ্রান্সের অভ্যন্তরীণ গোলযোগের কারণে সেবার উৎসব করা যায়নি। ১০ থেকে ২৪ মে উৎসবটি হওয়ার কথা ছিল।
১০. বিশ্বের সেরা কয়েকজন নির্মাতা কখনো সেরা ছবির পুরস্কার পাম দ’র পাননি। তাঁদের মধ্যে আছেন—সুইডেনের ইংমার বার্গম্যান, যুক্তরাষ্ট্রের আলফ্রেড হিচকক, সিডনি লুমে, ফ্রান্সের জঁ-লুক গদার।