পামেলার সংসার সংসার খেলা!

‘বেওয়াচ’ তারকা পামেলা অ্যান্ডারসনের জন্য ঘর বাঁধা আর ঘর ভাঙা যেন নিত্যদিনের সঙ্গী। এখন পর্যন্ত তিনজনকে বিয়ে করেছেন ৪৭ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। ২০০৭ সালে মার্কিন চলচ্চিত্র প্রযোজক রিক সলোমনের সঙ্গে মাত্র দুই মাস ঘর করে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন পামেলা। চলতি বছরের জানুয়ারিতে রিককে আবার বিয়ে করেন তিনি। কিন্তু ছয় মাস না যেতেই ফের বিচ্ছেদের আবেদন করেন পামেলা। মজার বিষয় হল, বিচ্ছেদের আবেদন করার সপ্তাহ না পেরোতেই অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় এ তারকা দম্পতিকে। সম্প্রতি পামেলার কাছের একটি সূত্র জানিয়েছে, রিক ও পামেলা পুনর্মিলনের পথে হাঁটলে অবাক হওয়ার কিছু নেই।
এ প্রসঙ্গে পামেলার কাছের সূত্রের বরাতে মিরর ডটকম জানিয়েছে, পামেলা ও রিক একে অন্যকে অনেক ভালোবাসেন। কিন্তু রিকের বুনো জীবনযাপনকে একদমই সহ্য করতে পারছেন না পামেলা। মূলত এ কারণেই বিচ্ছেদের আবেদন করতে বাধ্য হয়েছেন তিনি। বিচ্ছেদের আবেদনের এক সপ্তাহের মাথায় চুম্বনরত অবস্থায় দেখা গেছে এ জুটিকে। এটা ঠিক যে, গত বেশ কিছুদিন ধরেই তাঁদের সম্পর্কে টানাপোড়েন চলছে। তারপরও তাঁরা যদি বিবাদ মিটিয়ে আবার নতুন করে সংসারজীবন শুরু করেন তাহলে অবাক হওয়ার কিছু নেই।
প্রসঙ্গত, ২০০৭ সালের অক্টোবরে রিকের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন পামেলা। কিন্তু মাত্র দুই মাস পর বিচ্ছেদের আবেদন করেন আবেদনময়ী এ তারকা অভিনেত্রী। ২০০৮ সালের মার্চে কাগজে-কলমে তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয়। রিকের আগে মার্কিন সংগীতশিল্পী ও ড্রামার টমি লি এবং মার্কিন গায়ক ও অভিনেতা কিড রককে বিয়ে করেছিলেন পামেলা।

২০১০ সালের ১২ জানুয়ারি হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে লাখ লাখ মানুষের প্রাণহানির পাশাপাশি অগণিত মানুষ আহত হন। ধসে পড়ে প্রায় আড়াই লাখ ঘরবাড়ি এবং ৩০ হাজার বাণিজ্যিক ভবন। হাইতির ভূমিকম্প-দুর্গতদের সাহায্যার্থে চলতি বছরের জানুয়ারি মাসে মার্কিন অভিনেতা শ্যন পেনের উদ্যোগে বেভারলি হিলসে আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পামেলা। সেখানে তাঁর অনামিকায় বিশাল হীরার আংটি জ্বলজ্বল করছিল। এ বিষয়ে জানতে চাইলে সাবেক স্বামী রিকের সঙ্গে বিয়ের কথা স্বীকার করেন তিনি। রিককে ফিরে পেয়ে তিনি ও তাঁর পরিবারের সবাই অনেক খুশি বলেও জানান পামেলা।