পারফরম্যান্স আর্ট সপ্তাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল ফাউন্ডেশনের ভিজ্যুয়াল আর্ট বিভাগ আয়োজিত পারফরম্যান্স আর্ট সপ্তাহের দ্বিতীয় দিনে একটি পরিবেশনা l প্রথম আলো
বেঙ্গল ফাউন্ডেশনের ভিজ্যুয়াল আর্ট বিভাগ আয়োজিত পারফরম্যান্স আর্ট সপ্তাহের দ্বিতীয় দিনে একটি পরিবেশনা l প্রথম আলো

বেঙ্গল ফাউন্ডেশনের ভিজ্যুয়াল আর্ট বিভাগ আয়োজিত পারফরম্যান্স আর্ট সপ্তাহ শুরু হয়েছে গত মঙ্গলবার। গতকাল ছিল এ আয়োজনের দ্বিতীয় দিন। ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে গতকাল অংশ নিয়েছেন সনদ কুমার বিশ্বাস, সরকার নাসরীন, নাজিয়া আন্দালীব, অর্পিতা সিংহ ও ইফাত রেজওয়ানা।
সনদ কুমার বিশ্বাস তার ‘পারফরম্যান্স আর্টিস্ট ইন এ গিফট বক্স’-এ নিজেকে একটি ঝলমলে কাগজে মোড়া বিশালাকৃতির গিফট বক্সের ভেতরে রেখে উপস্থিত দর্শকের সঙ্গে ভাব আদান-প্রদান করেন। এ ক্ষেত্রে শিল্পী তাঁর শিল্পকর্মকে নয়, বরং নিজেকে দর্শকের কাছে একটি উপহার হিসেবে প্রদর্শন করেন। শিল্পী সরকার নাসরীন নিজেকে কালো পলিথিনে মোড়া একটি আবরণের ভেতর থেকে তাঁর পারফরম্যান্স ‘সেলফি’ প্রদর্শন করেন। এই পরিবেশনায় তিনি রূপক অর্থে সমাজের বর্তমান প্রতিচ্ছবি দেখিয়েছেন, যা অন্ধকারাচ্ছন্ন এবং মূল্যবোধ থেকে বিচ্যুত।
শিল্পী নাজিয়া আন্দালীব তাঁর ‘সি মি সি ইউ’ শিরোনামের পারফরম্যান্সে নিজেকে পর্দায় আবৃত থেকে বিভিন্ন ভঙ্গিমার মাধ্যমে দর্শকের সঙ্গে একধরনের মিথস্ক্রিয়া প্রকাশ করেন। অর্পিতা সিংহ লোপা তাঁর নারীবাদী বিশ্বাসের প্রকাশ করেন ‘ফ্রিডম ইন ফেমিনিনিটি’ পারফরম্যান্সের মাধ্যমে, যেখানে তিনি নারীসত্তার মূল শক্তি হিসেবে মূল্যবোধের চর্চাকে প্রাধান্য দেন। ‘কেইজ অব প্রেজেন্ট’-এ শিল্পী ইফাত রেজওয়ানা অতীত, বর্তমান ও ভবিষ্যতে নিয়ে মানুষ যে সংকটে থাকে তার প্রতিচ্ছবি দেখিয়েছেন।
আজ বৃহস্পতিবার জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠে বিকেল চারটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ আয়োজন।