গতকাল বিকেলে রাজধানীর ডেইলি স্টার সেন্টারের ‘ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট’ প্রদর্শনকক্ষে ঢুকতেই দেখা গেল একটি অন্ধকার কক্ষ। ভেতরে দুই পাশে তক্তপোশে বসার জায়গা। সাদা দেয়ালে প্রজেক্টরে প্রদর্শিত হচ্ছে পারফরম্যান্স আর্ট।
গত বছরের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজন করে ২০ জন শিল্পীকে নিয়ে পারফরম্যান্স আর্টের। তাঁদের সেসব উপস্থাপনা রেকর্ড করে, স্থিরদৃশ্যে ও বিভিন্ন মাধ্যমে সংরক্ষণ করা হয়। সেগুলো নিয়ে আয়োজন করা হয়েছে নিরীক্ষাধর্মী প্রদর্শনী ‘এফিমেরাল: পেরেনিয়াল’।
উদ্বোধনী দিনে অতিথি সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আমার ভালো লাগছে। এই পারফরম্যান্স আর্ট ক্ষণজীবী। সেটাকে দীর্ঘজীবী করার জন্য এই ফটোফ্রেমে বন্দী করা হয়েছে। একটি শিল্পমাধ্যম আরেকটি শিল্পমাধ্যমকে কীভাবে অনুপ্রাণিত করতে পারে তার দৃষ্টান্ত এটি।’
প্রদর্শনীর কিউরেটর মাহবুবুর রহমান বলেন, পারফরম্যান্স আর্ট একটি ক্ষণস্থায়ী ও অ্যাকশনভিত্তিক শিল্প। সেটাকে কী করে রূপান্তর করে অন্য মাধ্যমে নিয়ে নেওয়া যায়, এখানে তার একটি প্রচেষ্টা ছিল।
উপস্থিত ছিলেন শিল্পী আবুল মনসুর ও কিউরেটর তানজিব ওয়াহাব। প্রদর্শনী চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রদর্শনী দেখা যাবে ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট ও জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠ গ্যালারিতে।